“কূটনৈতিক ব্যর্থতা”, ট্রাম্পের ৫০% শুল্ক চাপানো নিয়ে মোদীকে নিশানা অভিষেকের, পাল্টা জবাব সুকান্তর

ভারতের পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫০ শতাংশ শুল্ক চাপানোর পর এবার নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুষলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দিল্লি যাওয়ার আগে তিনি বলেন, “ডোনাল্ড ট্রাম্প নিয়ে যে প্রশ্ন রয়েছে, সে প্রশ্ন তাঁদেরকেই করা উচিত, যাঁদের ছবি রয়েছে ট্রাম্পের সঙ্গে। যাঁরা ট্রাম্পের হয়ে ২০১৯ সালে আমেরিকার টেক্সাসে প্রচার করেছিলেন, তাঁদের এই প্রশ্ন করা উচিত।”

৫০ শতাংশ শুল্ক চাপানোর ফলে দেশের অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিষেক। তিনি বলেন, “আইটি, ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল-সহ বিভিন্ন পণ্য ও পরিষেবায় এর সার্বিক প্রভাব পড়বে। কর্মসংস্থান কমবে এবং ভারতের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।” এই ঘটনাকে তিনি ভারত সরকারের সবচেয়ে বড় ‘কূটনৈতিক ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন যে ভারতের এর মোকাবিলা করা উচিত।

সমাজমাধ্যমে একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমরা ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছি। জানি না সেটাই কারণ কি না, তবে আজ রাশিয়ার সঙ্গে আমাদের আলোচনা খুবই ফলপ্রসূ হল।” যদিও রাশিয়া থেকে তেল কেনার জন্য মস্কোর আয়ের উপর আরও নিষেধাজ্ঞা চাপানোর পথ খোলা রেখেছেন ট্রাম্প। এর আগে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। বুধবার হোয়াইট হাউস জানিয়ে দেয় যে আমেরিকায় পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতকে পূর্বের ২৫ শতাংশের সঙ্গে আরও ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।

অভিষেকের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার পাল্টা জবাব দিয়েছেন। তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়-তৃণমূল কংগ্রেস যে আমেরিকার দালাল হয়ে গেছে, তা জানতাম না। ট্রাম্পের হয়ে দালালি করছেন। এর জবাব বাংলার মানুষ দেবে। দেশের মানুষকে কম পয়সায় যাতে পেট্রল-ডিজেল দিতে পারে, সেইজন্য রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্তে অনড় থেকেছেন (প্রধানমন্ত্রী)।”