উত্তরকাশীর পর, পাউরিতে মেঘ ভেঙে বিপর্যয়, ২৮ পর্যটক নিখোঁজ উত্তরাখণ্ডে

উত্তরাখণ্ডে প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব বেড়েই চলেছে। দফায় দফায় মেঘভাঙা বৃষ্টি এবং ভূমিধসের ফলে বিপর্যস্ত জনজীবন। মঙ্গলবার উত্তরকাশীতে হরপা বানের ঘটনার পর বুধবার পাউরি গাড়োয়ালের পাবো ব্লকের সাইনজি গ্রামে আবারও মেঘ ভেঙে ভয়াবহ বিপর্যয় ঘটেছে। এর ফলে নেমে এসেছে বিশাল ভূমিধস, যার জেরে এখনও পর্যন্ত দুই মহিলার মৃত্যু হয়েছে এবং অন্তত পাঁচজন শ্রমিক নিখোঁজ বলে জানা গেছে। একইসঙ্গে, উত্তরকাশীতে বিপর্যয়ের পর থেকে কেরালা থেকে আসা ২৮ জন পর্যটকেরও কোনো খোঁজ মিলছে না।
পাউরি গাড়োয়ালে ভূমিধস ও প্রাণহানি:
বুধবার সকাল ১১টা নাগাদ সাইনজি গ্রামের কাছে মেঘভাঙা বৃষ্টির ফলে বিপুল জলস্রোত নেমে আসে। এতে একাধিক কৃষিজমি ধ্বংস হয়ে যায় এবং একটি ফুটব্রিজ ভেসে যায়। পার্শ্ববর্তী বুরাসি গ্রামে ভূমিধসের ধ্বংসস্তূপের নিচ থেকে বিমলা দেবী এবং আশা দেবী নামে দুই মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুরাসি গ্রামের একটি গোয়ালঘরও চাপা পড়েছে, যেখানে বহু গবাদি পশু আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গাড়োয়ালের জেলা ম্যাজিস্ট্রেট স্বাতী এস ভাদোরিয়া জানিয়েছেন, “গত রাত থেকে জেলায় প্রবল বৃষ্টি হচ্ছে, যার ফলে অনেক জায়গায় ভূমিধস হয়েছে এবং বহু রাস্তা বন্ধ হয়ে গেছে। মেঘভাঙা বৃষ্টির কারণেও অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।” তিনি আরও জানান, কালগাদির কাছে ভেঙে পড়া জাতীয় সড়কের সেতুর জায়গায় একটি ব্রেইলি ব্রিজ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
কেরালার ২৮ জন পর্যটক নিখোঁজ:
সংবাদ সংস্থা সূত্রে খবর, উত্তরকাশীতে মঙ্গলবারের মেঘভাঙা বৃষ্টির ঘটনার পর থেকে ২৮ জন পর্যটকের কোনো খোঁজ মিলছে না। নিখোঁজদের মধ্যে ২০ জন কেরালার বাসিন্দা, যারা বর্তমানে মহারাষ্ট্রে থাকেন। হরিদ্বারের একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে তাঁরা উত্তরকাশী থেকে গঙ্গোত্রীর দিকে যাচ্ছিলেন। নিখোঁজ পর্যটকদের মধ্যে এক দম্পতিও রয়েছেন। তাদের ছেলে জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে আটটায় শেষবারের মতো তাদের সঙ্গে কথা হয়েছিল, তারপর থেকে আর যোগাযোগ করা যায়নি।
উত্তরকাশীর পরিস্থিতি:
মঙ্গলবার উত্তরকাশীর ধরালী গ্রাম এবং সুখি টপে মেঘভাঙা বৃষ্টির কারণে হরপা বানে ধরালী গ্রাম বিধ্বস্ত হয়েছে। এ পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকার্য চালানো হচ্ছে, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে তা ব্যাহত হচ্ছে।