সেরা সিরিজ! ভারত-ইংল্যান্ড একাদশ বাছতে গিয়ে মজার সমস্যায় স্টুয়ার্ট ব্রড, গিল না রুট?

সম্প্রতি সমাপ্ত ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সিরিজ হিসেবে আখ্যা দিচ্ছেন অনেকেই। ২-২ অমীমাংসিত এই সিরিজে দুই দলের খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। স্বাভাবিকভাবেই, এই সিরিজের সেরা একাদশ বেছে নিতে গিয়ে সবাই বেশ হিমশিম খাচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার স্টুয়ার্ট ব্রড। ভারত-ইংল্যান্ড সিরিজের মিলিত একাদশ বাছতে গিয়ে মজার সমস্যায় পড়েন তিনি।

সাবেক সতীর্থ জস বাটলারের একটি পডকাস্টে অংশ নিয়ে ব্রড এই সিরিজের সেরা একাদশ বেছে নেন। তবে চার নম্বর ব্যাটসম্যান হিসেবে শুভমন গিল এবং জো রুটের মধ্যে একজনকে বেছে নিতে গিয়ে তিনি বেশ অপ্রস্তুত অবস্থায় পড়েন। শুভমন গিল এই সিরিজে চারটি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি সহ ৭৫৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সিরিজ সেরা নির্বাচিত হন। অন্যদিকে, জো রুট তিনটি সেঞ্চুরি সহ ৫৩৭ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

অনেক ভেবেচিন্তে ব্রড তার সাবেক সতীর্থ জো রুটকেই বেছে নেন। এর কারণ হিসেবে তিনি বলেন, “জো রুটের কাছে আমার মোবাইল নম্বর রয়েছে। কোনোভাবেই আমি গাল খেতে পারব না, তাই রুটকেই বেছে নিলাম।” ব্রডের এই মন্তব্য শোনার পর বাটলারও হেসে ওঠেন।

তবে অলরাউন্ডার হিসেবে বেন স্টোকসকে বেছে নেওয়ার পেছনে ব্রড যথেষ্ট যুক্তি দেখিয়েছেন। তিনি বলেন, “জাদেজা ব্যাট হাতে অসাধারণ ছিল। আমি আগে কখনো ব্যাট হাতে জাদেজাকে এভাবে দেখিনি। কিন্তু বোলার হিসেবে আমার ওকে একবারেই গড়পড়তা মনে হয়েছে। আর ছয় নম্বরে যেহেতু একজন উপযুক্ত অলরাউন্ডার প্রয়োজন, তাই আমার সমর্থন বেন স্টোকসের দিকে।”

ব্রডের এই একাদশ নির্বাচন শুধু ক্রিকেটপ্রেমীদের মধ্যেই নয়, সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে গিল এবং রুটের মধ্যে থেকে একজনকে বেছে নিতে গিয়ে তার মজাদার মন্তব্য ক্রিকেট ভক্তদের মন জয় করে নিয়েছে।