শিব দর্শনে গিয়ে কিন্নর কৈলাসে মৃত্যু হুগলির যুবকের, দেহ ফেরাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি পরিবারের

শিবের ভক্ত ছিলেন রাজীব কুণ্ডু। তাই শ্রাবণ মাসে মহাদেব দর্শনের জন্য তিনি পাড়ি দিয়েছিলেন হিমাচল প্রদেশের দুর্গম কিন্নর কৈলাসে। কিন্তু তার সেই তীর্থযাত্রা অসমাপ্তই থেকে গেল। গত মঙ্গলবার দুর্গম পাহাড়ি পথে ফেরার সময় হুগলির ত্রিবেণীর বাসিন্দা ৩৮ বছর বয়সী রাজীব কুণ্ডুর মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে।

গত ১লা আগস্ট হুগলির পাঁচজন পর্যটকের একটি দল কিন্নর কৈলাসের উদ্দেশে রওনা দিয়েছিল। তাদের মধ্যে তিনজন দুর্গম পথ অতিক্রম করে কৈলাসে পৌঁছাতে পেরেছিলেন। ফেরার পথে ঠান্ডা ও অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে পড়েন রাজীব। স্থানীয় সূত্র অনুযায়ী, তাকে দ্রুত বেস ক্যাম্পে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রশাসন বুধবার তার মৃতদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করবে।

স্থানীয়দের মতে, উত্তরাখণ্ডের উত্তরকাশিতে ভূমিধসের প্রভাব কিন্নর কৈলাসেও পড়েছে, যার কারণে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে।

এদিকে, রাজীবের পরিবারের সদস্যরা চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। তারা অভিযোগ করেছেন, হিমাচল প্রদেশের প্রশাসন মৃতদেহ ফিরিয়ে আনার বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই মৃতদেহ দ্রুত ফিরিয়ে আনার জন্য তাঁরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছেন।

রাজীবের জামাইবাবু সংবাদমাধ্যমকে জানান, রাজীবের পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো নয়। টোটো চালিয়ে সংসার চালাতেন তিনি। তার বাড়িতে মা ও ভাই রয়েছে। শৈব তীর্থস্থান ভ্রমণ ছিল তার একমাত্র শখ। শ্রাবণ মাসের আগেই তিনি অমরনাথ ঘুরে এসেছিলেন এবং এরপর কিন্নর কৈলাসে গিয়েছিলেন। জামাইবাবু হিমাচল ও পশ্চিমবঙ্গ সরকারের কাছে দ্রুত মৃতদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছেন।