উত্তরবঙ্গে ফের ভাঙন, তৃণমূল ছেড়ে বিজেপিতে সংখ্যালঘু পরিবার

উত্তরবঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন এক সংখ্যালঘু পরিবার। জলপাইগুড়ি জেলার সাঁকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের ১৪/২১৬ নম্বর বুথ এলাকা থেকে রাবেয়া খাতুন তার পরিবারের সদস্যদের নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।
বুধবার এই যোগদান উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে রাবেয়া খাতুন এবং তার পরিবারের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপি মণ্ডল সভাপতি সোনালী মোহন্ত ও কৌশিক নন্দীসহ অন্যান্য স্থানীয় নেতারা।
রাবেয়া খাতুনের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা তৃণমূলের মধ্যে থেকে নানা ধরনের অত্যাচার ও অবহেলার শিকার হচ্ছিলেন। তিনি বলেন, “আগে তো তৃণমূল করতাম। এখন ওরাই আমার ছেলেকে ঘরের ভিতর ঢুকে মারছে, গালাগাল করছে।” এই কারণেই তিনি দলের প্রতি আস্থা হারিয়ে বিজেপি-তে যোগদানের সিদ্ধান্ত নেন।
বিজেপি নেতৃত্বের দাবি, এই যোগদান প্রমাণ করে যে সাধারণ মানুষ এখন তৃণমূলের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। বিজেপি মণ্ডল সভাপতি সোনালী মোহন্ত বলেন, “তৃণমূল সবসময় বলে বিজেপি সাম্প্রদায়িক দল। আজকের ঘটনা প্রমাণ করল এটা ঠিক নয়। মোদীজির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ সকলের জন্যই।”
অন্যদিকে, তৃণমূল নেতা সাহিরুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “সংবাদ মাধ্যম থেকেই শুনেছি। স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। আর যারা যোগদান করেছে, তারা কোনো দিন তৃণমূলের সঙ্গে ছিলই না।”
এই ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ির রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন নির্বাচনের আগে এই ধরনের যোগদান দলবদল দু’দলের জন্যই গুরুত্বপূর্ণ হতে পারে।