ধানুষ ও ম্রুণালের প্রেমের গুঞ্জন, হেঁয়ালি মন্তব্য করলেন অভিনেত্রী

দক্ষিণী সুপারস্টার ধনুষ এবং বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের গোপন প্রেমের গুঞ্জন নিয়ে সরগরম এখন সোশ্যাল মিডিয়া। সম্প্রতি তাঁদের কিছু ঘনিষ্ঠ ছবি এবং ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই এই গুঞ্জন ছড়িয়েছে। যদিও ধনুষ এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি, তবে ম্রুণাল ঠাকুর নিজের ইনস্টাগ্রাম পোস্টে সরাসরি কিছু না বললেও হেঁয়ালি করে বিষয়টি আরও উসকে দিয়েছেন।

ম্রুণাল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে জানান, “বর্তমানে আমার পুরো মনোযোগ আমার ক্যারিয়ারের উপর। অন্য কিছু নিয়ে ভাবার সময় নেই। তবে কিছু ব্যক্তিগত ব্যাপারও রয়েছে, যা আমি এখন ব্যক্তিগতই রাখতে চাই। কারণ, এখনও তা প্রকাশ করার মতো সময় আসেনি।” তার এই মন্তব্যে অনেকেই মনে করছেন যে, ‘ব্যক্তিগত ব্যাপার’ বলতে তিনি ধনুষের সঙ্গে তার প্রেমের সম্পর্ককেই ইঙ্গিত করছেন।

এই গুঞ্জন শুরু হয় মূলত ম্রুণালের তারকাখচিত জন্মদিনের পার্টি থেকে। সেখানে ধনুষকে ম্রুণালের সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা যায়। শুধু তাই নয়, ম্রুণালের ‘সন অফ সর্দার’ সিনেমার প্রিমিয়ারেও ধনুষকে মুম্বইতে দেখা গিয়েছিল। এই দুটি ঘটনাই তাদের সম্পর্কের গুঞ্জনকে আরও জোরালো করেছে।

প্রসঙ্গত, ২০২২ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের পর স্ত্রী ঐশ্বর্যা রজনীকান্তের সঙ্গে বিচ্ছেদ হয় ধনুষের। এর পর থেকেই তার নতুন সম্পর্কের বিষয়ে জল্পনা শুরু হয়। এবার ম্রুণালের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন প্রকাশ্যে আসায় ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তাদের নতুন সম্পর্ককে স্বাগত জানালেও, অনেকে এখনো চূড়ান্ত খবরের জন্য অপেক্ষা করছেন।