বৃষ্টি-জল ছাড়ায় বিপর্যস্ত পূর্ব বর্ধমান! জলের তলায় ‘পাট ও ফুলের জমি’, মাথায় হাত চাষিদের

গত কয়েক দিনের টানা বৃষ্টি এবং বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ নম্বর ব্লকের ঝাউডাঙা পঞ্চায়েত এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে এলাকার বিস্তীর্ণ কৃষিজমি জলের নিচে চলে গেছে, যার জেরে পাট ও ফুল চাষিরা চরম ক্ষতির মুখে পড়েছেন।
ঝাউডাঙার নিচু অঞ্চলের বেশিরভাগ পাটখেত সম্পূর্ণ জলমগ্ন। অনেক জমিতে শুধু পাটগাছের মাথা দেখা যাচ্ছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, জল জমে থাকার কারণে তারা সময় মতো পাট কাটতে পারছেন না। একই সঙ্গে, শ্রমিকও পাওয়া যাচ্ছে না। ফলে পাটের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। এলাকার বাসিন্দা প্রহ্লাদ ঘোষ বলেন, “জল বাড়তে থাকলে আমাদের বাড়িতেও জল ঢুকে যাবে। পাট কাটার লোক পাচ্ছি না, সব জমি জলের নিচে।”
শুধু পাট চাষিরাই নয়, হালতাচড়া এলাকার ফুল চাষিরাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখানে প্রচুর গাঁদা ফুলের চাষ হয়, যা পুজোর মরশুমে রাজ্যের বাইরেও পাঠানো হয়। কিন্তু জল ঢুকে পড়ায় ফুলগাছগুলো নষ্ট হতে শুরু করেছে। ফুল চাষি সহদেব দফাদার বলেন, “এই জমা জল নেমে গেলে রোদে গাছ শুকিয়ে মরে যাবে। মনসা, বিশ্বকর্মা ও দুর্গাপূজার জন্য যে ফুল চাষ করেছিলাম, মনে হচ্ছে সব নষ্ট হয়ে যাবে।”
এই বন্যা পরিস্থিতির কারণে এলাকার যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। ঝাউডাঙা থেকে নদিয়া জেলার সংযোগকারী প্রধান রাস্তাটি এখন জলের তলায়। স্থানীয়রা বাধ্য হয়ে নৌকা করে যাতায়াত করছেন। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বড় কোনো পদক্ষেপ নেওয়ার খবর পাওয়া যায়নি। এর ফলে এলাকার হাজার হাজার মানুষ ও কৃষিজীবী মানুষের জীবন ও জীবিকা বর্তমানে চরম সংকটে পড়েছে। তাঁরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।