সম্প্রদায় তুলে গলাগালি, শিলিগুড়িতে দুই ভাড়াটে মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ

শিলিগুড়ির হাকিমপাড়ায় ভাড়াটেদের মধ্যে বচসা ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনা সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এবং লীলা দত্ত ও রুবি দত্ত নামে দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ উঠেছে, এই ঘটনাটি কেবল ব্যক্তিগত বিবাদ ছিল না, এর পেছনে জাতিগত গালিগালাজের মতো স্পর্শকাতর বিষয়ও জড়িত ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, হাকিমপাড়ার একটি বাড়ির একতলায় আলিপুরদুয়ারের বাসিন্দা রণিতা লামা তার কয়েকজন পরিচিত বন্ধু দীক্ষা থাপা, এলিনা রাই, শ্রেয়া রাই এবং ইন্দ্র ভুজেলকে নিয়ে ভাড়া থাকেন। তারা সবাই শিলিগুড়িতে পড়াশোনার জন্য এসেছেন। ওই বাড়ির দোতলায় ভাড়া থাকেন দুই বোন লীলা ও রুবি দত্ত। সোমবার তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে পরিণত হয় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

সোমবার সন্ধ্যায় রণিতা লামা শিলিগুড়ি থানায় লীলা ও রুবির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ ছিল, ওই দুই মহিলা তাদের সম্প্রদায় তুলে গালিগালাজ করেছেন। এর প্রতিবাদে মঙ্গলবার শিলিগুড়ির বিভিন্ন এলাকা এবং এমনকি পাহাড় থেকেও রণিতার পরিচিত ও বন্ধুরা হাকিমপাড়ার ওই বাড়ির সামনে এসে জড়ো হন এবং দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখাতে থাকেন।

খবর পেয়ে শিলিগুড়ি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মিলি শীল সিনহা ঘটনাস্থলে আসেন। তার সামনেও বিক্ষোভ চলতে থাকে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে পুলিশ এসে দুই অভিযুক্ত লীলা ও রুবিকে থানায় নিয়ে যায়। মঙ্গলবার বিকেলেই তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার তীব্র নিন্দা করেছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা এবং জিটিএ প্রধান অনীত থাপা। এই ধরনের জাতিগত বিদ্বেষমূলক মন্তব্য ও আচরণের বিরুদ্ধে তারা কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। এই ঘটনাটি শিলিগুড়ির মতো বহুভাষী ও বহুসংস্কৃতির শহরে এক নতুন বিতর্ক সৃষ্টি করেছে। পুলিশ ঘটনার আরও বিস্তারিত তদন্ত শুরু করেছে।