Recipe: বাড়িতে বানিয়ে ফেলুন নিরামিষ ‘ছানার ডাব মালাই’, শিখেনিন রান্নার সেরা পদ্ধতি

নিরামিষ খাবারের তালিকায় ছানার ডালনা একটি পরিচিত নাম হলেও, এই ছানা দিয়েই তৈরি করা যায় আরও অনেক সুস্বাদু পদ। এই শ্রাবণ মাসে যারা নিরামিষ খাচ্ছেন, তাদের জন্য এক চমৎকার বিকল্প হতে পারে ‘ছানার ডাব মালাই’। নারকেলের নরম শাঁস এবং ছানার স্বাদে ভরপুর এই পদটি ভোজনরসিকদের মন জয় করে নেবে। রইল এর সহজ রেসিপি।

উপকরণ:

  • ছানা: ২৫০ গ্রাম (ঘরে তৈরি বা বাজার থেকে কেনা)
  • ময়দা: ১ চা চামচ
  • ডাবের শাঁস: ১টি ডাবের
  • কোরানো নারকেল: ১ কাপ
  • দুধ: ১ লিটার
  • কাজু: ১০-১২টি
  • কিশমিশ: আধ কাপ
  • গোটা জিরে: আধ চা চামচ
  • এলাচ: ২-৩টি
  • তেজপাতা: ১টি
  • আদা বাটা: ১ চা চামচ
  • নুন ও চিনি: স্বাদমতো
  • কাঁচালঙ্কা: ২-৩টি

প্রণালী: ১. প্রথমে একটি পাত্রে ছানা, নুন এবং ময়দা একসাথে ভালো করে মেখে নিন, যেন মিশ্রণটি নরম হয়। এরপর এই মিশ্রণ থেকে ছোট ছোট গোল আকার দিন এবং তা কাপের মতো করে মাঝখানে কাজু ও কিশমিশ ভরে বলের মতো গড়ে নিন। সব ছানা একইভাবে বলের আকারে তৈরি করে নিন। ২. একটি কড়াইতে তেল গরম করে ছানার বলগুলো হালকা বাদামী হওয়া পর্যন্ত ভেজে তুলুন, যেন দেখতে কোফতার মতো লাগে। ৩. এবার ওই তেলেই তেজপাতা, এলাচ ও গোটা জিরে ফোড়ন দিন। আঁচ কমিয়ে কোরানো নারকেল যোগ করে ভালো করে নাড়াচাড়া করুন। ৪. এরপর এতে ডাবের শাঁস, নুন, চিনি এবং কাঁচালঙ্কা যোগ করুন। সামান্য গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে দিন। ৫. ৫-১০ মিনিট কম আঁচে রান্না করার পর ভেজে রাখা ছানার কোফতাগুলো গ্রেভির মধ্যে দিন। এরপর সামান্য গরম মশলা এবং ঘি ছড়িয়ে আরও পাঁচ মিনিট ঢেকে রাখুন। ৬. সবশেষে নামিয়ে নিয়ে গরম ভাত বা পোলাওর সঙ্গে সুস্বাদু ছানার ডাব মালাই পরিবেশন করুন। এই নতুন পদটি আপনার নিরামিষ ভোজের স্বাদকে আরও বাড়িয়ে তুলবে।