অন্য পুরুষের সঙ্গে ঘর বেঁধেছেন স্ত্রী! রাগে নিজ হাতে জীবিত স্ত্রীর পিণ্ডদান করে শ্রাদ্ধ করলেন স্বামীর

স্ত্রীকে ভালোবেসে বিয়ে করার পর সম্পর্কের টানাপোড়েনে চূড়ান্ত পদক্ষেপ নিলেন এক প্রাক্তন সেনাকর্মী। স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও তাঁর শ্রাদ্ধানুষ্ঠান করলেন স্বামী। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জের উত্তর মামুদপুর গ্রামে।
উত্তর মামুদপুর গ্রামের বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী নরেন নায়েক প্রায় তিন বছর আগে ধলতিলা এলাকার সুমিতা সরকারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সমাজের বাধা সত্ত্বেও তাঁরা বিয়ে করেন। বিয়ের পর তাঁদের সংসার কিছুদিন সুখেই চলছিল। কিন্তু ধীরে ধীরে সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। নরেন নায়েকের অভিযোগ, তাঁর স্ত্রী সামাজিক মাধ্যমে একাধিক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চরমে পৌঁছায়। এরপর হঠাৎ একদিন সুমিতা নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর নরেন জানতে পারেন, তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে অন্য কোথাও নতুন সংসার পেতেছেন।
স্ত্রীর এই বিশ্বাসঘাতকতা নরেন মেনে নিতে পারেননি। তাই তিনি সম্পর্কের ইতি টানতে এক অস্বাভাবিক পথ বেছে নেন। তিনি পুরোহিত ডেকে জীবিত স্ত্রীর শ্রাদ্ধের আয়োজন করেন। স্ত্রীর ছবিতে মালা পরিয়ে, মন্ত্রপাঠ করে যজ্ঞ এবং পিণ্ডদান করেন তিনি। এমনকি শ্রাদ্ধের জন্য তিনি মাথাও মুড়িয়েছেন। এই প্রসঙ্গে নরেন বলেন, “আমার কাছে স্ত্রী মৃত। যিনি একাধিক সম্পর্কে জড়িয়ে গিয়েছেন এবং আমায় ছেড়ে অন্য কোথাও ঘর বেঁধেছেন, তাঁর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। তাই ধর্মমতে তাকে বিদায় জানালাম।”
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, জীবিত মানুষের শ্রাদ্ধ করা কি সম্ভব? তবে এই ঘটনা নরেন নায়েকের গভীর হতাশা ও ক্ষোভের বহিঃপ্রকাশ বলেই মনে করা হচ্ছে।