মুর্শিদাবাদে লাগাতার অভিযানে বিপুল অস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার একাধিক

গত এক মাস ধরে মুর্শিদাবাদ পুলিশ জেলার বিভিন্ন এলাকায় লাগাতার অভিযানে ১৬৫টি আগ্নেয়াস্ত্র এবং ৪৮০টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই অস্ত্রগুলি মুঙ্গের থেকে আনা হচ্ছিল এবং দেশীয় পদ্ধতিতে তৈরি কিছু অস্ত্রও মজুত করা হয়েছিল।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত পনেরো দিনে একাধিক থানা এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু সাফল্য এসেছে। শুক্রবার খড়গ্রাম থানার পুলিশ আনিকুল শেখ ও রিয়াজুল শেখকে একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার করে। ৩১ জুলাই নওদা থানার পুলিশ এক আগ্নেয়াস্ত্র-সহ নুর ইসলাম শেখকে গ্রেফতার করে। ২৯ জুলাই ইসলামপুর থানার অন্তর্গত পাহাড়পুর থেকে ৭.৬৫ এমএম পিস্তল-সহ হকদার শেখ ও কাদের শেখকে ধরা হয়।
এছাড়াও, গত ২৪ ঘণ্টায় বেলডাঙা ও খড়গ্রাম থানা এলাকায় পৃথক অভিযানে আরও অস্ত্র উদ্ধার হয়েছে। বেলডাঙা থানার পুলিশ নতুন হাসপাতাল রোডের কাছে অভিযান চালিয়ে হাসিবুর রহমান সেন্টু নামে এক ব্যক্তিকে দুটি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন, ১৫টি তাজা কার্তুজ এবং ৫৫০ গ্রাম গানপাউডার-সহ গ্রেফতার করে। অন্যদিকে, খড়গ্রাম থানার পুলিশ আশরাফুল শেখ নামে আরেক ব্যক্তিকে একটি দেশীয় পাইপগান ও এক রাউন্ড কার্তুজ-সহ গ্রেফতার করে।
সর্বশেষ ঘটনাটি ঘটে সোমবার রাতে। নওদা থানার পুলিশ কোলাইচণ্ডী ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরবাইকে করে যাতায়াত করা তিন যুবককে আটক করে। তাদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র, ১৩টি গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া ওই তিন যুবকের নাম মকবুল শেখ, আক্তার শেখ এবং সামিরুল শেখ। পুলিশ জানিয়েছে, মকবুল শেখ এই চক্রের মূল পান্ডা এবং তার বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বেশিরভাগ অস্ত্রই মুঙ্গের থেকে এনে ডোমকল ও বেলডাঙা এলাকায় মজুত করা হচ্ছিল।