ঘাটালের বন্যায় ডিভিসি-কে দায়ী করে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

হুগলির বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর এবার ঘাটালের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ঘাটালের বন্যা পরিস্থিতির জন্য সরাসরি দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-কে দায়ী করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ডিভিসি-র বিরুদ্ধে রাজ্য সরকার কড়া পদক্ষেপ নেবে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ডিভিসি যখন তখন জল ছেড়ে দেয়, আর তার ফলে ঘাটাল সহ বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায়।” তিনি আরও বলেন, এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য রাজ্য সরকার কিছু নতুন বাঁধ নির্মাণ করবে। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা বেশ কয়েকটি নতুন ড্যাম তৈরি করব, যাতে ডিভিসি জল ছাড়লেও সেই জল আমাদের ড্যাম দিয়ে ডিভিসি-র দিকেই ফিরিয়ে দেওয়া যায়।”

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর ডিভিসি-র বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জল্পনা শুরু হয়েছে। প্রতি বছর বর্ষায় ডিভিসি থেকে জল ছাড়ার ফলে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যার সৃষ্টি হয়, যার ফলে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হন। এই নিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্য সরকার এবং ডিভিসি-র মধ্যে চাপানউতোর চলছে।

ঘাটালের মানুষ দীর্ঘদিন ধরে এই বন্যার সমস্যায় ভুগছেন। মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়ে আশ্বাস দিয়েছেন যে রাজ্য সরকার এই সমস্যার সমাধানে সচেষ্ট। তিনি বলেন, রাজ্য সরকার দুর্গতদের জন্য সব ধরনের ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করবে। একইসঙ্গে তিনি ডিভিসি-র বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথাও জানিয়েছেন, যা এই অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আশার সঞ্চার করেছে।