গম্ভীর কি টেস্ট কোচ থাকছেন? ড্রেসিংরুমের বার্তা ঘিরে জল্পনা

টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে কোচ হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন গৌতম গম্ভীর। কিন্তু টেস্ট ক্রিকেটে তার পারফরম্যান্স নিয়ে সম্প্রতি আলোচনা চলছিল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হার এবং বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া হওয়ায় তার টেস্ট কোচের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে ইংল্যান্ডে তরুণ ক্রিকেটারদের নিয়ে সিরিজ ড্র করার পর পরিস্থিতি কিছুটা পাল্টেছে। বোর্ডের শেয়ার করা এক ভিডিওতে গম্ভীরের ড্রেসিংরুমের বার্তা যেন তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে।
ইংল্যান্ড সফরে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো সিনিয়র ক্রিকেটাররা ছিলেন না। বুমরাহের মতো তারকা বোলারও পুরো সিরিজে খেলেননি। এমন কঠিন পরিস্থিতিতে ভারতের সিরিজ ড্র করাকে বড় সাফল্য হিসেবে দেখছেন অনেকে। ম্যানচেস্টারে ড্র এবং ওভালে দারুণ জয়, কোচ হিসেবে গম্ভীরকে অনেকটাই স্বস্তি দিয়েছে।
বোর্ডের শেয়ার করা ভিডিওতে গম্ভীর খেলোয়াড়দের বলেন, “সিরিজ যেভাবে এগিয়েছে, রেজাল্টটা দুর্দান্ত। সকলকে শুভেচ্ছা। একটা জিনিস মনে রাখবে, আমরা ভবিষ্যতে আরও উন্নতি করব। পরিশ্রম করতে থাকব।”
সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল তার পরের মন্তব্য, যা নিয়ে জল্পনা শুরু হয়েছে। গম্ভীর বলেন, “অনেকেই আসবে যাবে, কিন্তু ড্রেসিংরুমের সংস্কৃতি ধরে রাখতে হবে। এমন মানুষ হতে হবে, যাতে নতুন কেউ এলে এই সংস্কৃতির সঙ্গে দ্রুত মিশে যেতে পারে। সেই সংস্কৃতিটাই আমরা গড়ে তুলতে চাই।” এই মন্তব্য কি সিনিয়র ক্রিকেটারদের জন্য কোনো বার্তা, নাকি এটি তার নিজের ভবিষ্যৎ নিয়েই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, তা নিয়ে আলোচনা চলছে।