রুশ তেল কেনায় ভারতকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, ২৪ ঘণ্টার মধ্যে আরও শুল্ক বৃদ্ধির হুমকি

রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ভারতকে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের উপর আরও শুল্ক আরোপ করা হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতকে ‘মদত’ দেওয়ার অভিযোগ তুলে তিনি এই হুমকি দিয়েছেন।
মঙ্গলবার ট্রাম্প বলেন, “ভারতের আচরণ ভালো বাণিজ্যসঙ্গী সুলভ নয়। তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা করে, কিন্তু আমরা ওদের সঙ্গে ব্যবসা করি না। তাই আপাতত ২৫ শতাংশ শুল্ক রেখেছি। আগামী ২৪ ঘণ্টায় তা আরও অনেক বাড়াব আমি। কারণ ওরা রাশিয়ার থেকে তেল কিনে চলেছে।”
এর আগে ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন এবং জানিয়েছিলেন যে, রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে বাড়তি জরিমানা দিতে হবে। এবার তিনি সময়সীমা বেঁধে দিলেন। ট্রাম্পের অভিযোগ, রাশিয়া তেলের উপর ভারতকে মোটা অঙ্কের ছাড় দিচ্ছে। কম দামে সেই তেল কিনে ভারত আসলে রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যাওয়ার খরচ জোগাচ্ছে।
ট্রাম্প যদিও নতুন করে কত শতাংশ শুল্ক বাড়ানো হবে, তা খোলসা করেননি। তবে গত মাসেই তিনি হুমকি দিয়েছিলেন যে, রাশিয়া যদি যুদ্ধবিরতির দিকে না এগোয়, তবে তাদের কাছ থেকে যারা তেল কিনবে, তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপানো হতে পারে।
ভারত ও রাশিয়ার মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তেল কেনাবেচা ছাড়াও ভারত রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম আমদানি করে। কৌশলগতভাবেও দুই দেশ পরস্পরের শরিক। তাই ট্রাম্পের হুঁশিয়ারি সত্ত্বেও ভারত রাশিয়ার সঙ্গে এই সম্পর্ক ছিন্ন করার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে। ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সহ্য করা হবে না।
তবে, যেভাবে আমেরিকা ক্রমাগত ভারতকে হুমকি দিয়ে চলেছে, তাতে কেন্দ্রীয় সরকারের বিদেশনীতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক শিবির। তাদের বক্তব্য, সরকারের বিদেশনীতি দুর্বল হওয়ার কারণে ভারতকে এমন চাপের মুখে পড়তে হচ্ছে।