কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে নতুন বিতর্ক, ‘আমি কারও ইয়েস ম্যান নই’

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত আবারও তাঁর ‘সোজা-সাপ্টা’ মন্তব্যের জেরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। সম্প্রতি পরীক্ষার তারিখ নির্ধারণ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে তাঁর মতবিরোধ চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ সত্ত্বেও তিনি পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়ে অনড় ছিলেন, যা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কটাক্ষের জন্ম দেয়।
মঙ্গলবার শান্তা দত্ত বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নই। সরকার পক্ষপাতী হয়, কিন্তু এরা এক ধাপ এগিয়ে যাচ্ছে।” বাম আমলের প্রসঙ্গ টেনে তিনি জানান, তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তাদের জেনে রাখা উচিত যে তিনি ৬টি স্বর্ণপদক পেয়েছেন। একই সাথে তিনি অভিযোগ করেন, বাম জমানায় তাঁকে ‘কুকুরের মতো’ তাড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি লড়াই করে সেই সিদ্ধান্ত বাতিল করে দিয়েছিলেন।
উপচার্য আরও বলেন, “ইতিহাস ফিরে আসে, কারণ সব দল ইয়েস ম্যান চায়। আমি কোনোদিনই ইয়েস ম্যান ছিলাম না এবং হতেও চাই না।” তাঁর মতে, শিক্ষাবিদ হিসেবে তিনি সবার ভালোবাসা পান। তিনি তৃণমূলের কিছু ছাত্র-ছাত্রীর প্রশংসাও করেন, তবে একইসঙ্গে স্বীকার করেন যে কিছু ‘খারাপ’ লোকও আছে। তাঁর এই মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।