কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক প্রয়াত,

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক মঙ্গলবার প্রয়াত হয়েছেন। ৭৯ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ এএনআই-কে জানিয়েছে, গত ১১ মে থেকে তিনি কিডনি সংক্রান্ত সমস্যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন এবং ডায়ালিসিস চলছিল। মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

জম্মু ও কাশ্মীর ছাড়াও মেঘালয়, গোয়া, ওড়িশা এবং বিহারের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন সত্যপাল মালিক। রাম মনোহর লোহিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। উত্তর প্রদেশ থেকে দু’বার রাজ্যসভার সাংসদ এবং একবার লোকসভার সাংসদ নির্বাচিত হন।

জম্মু ও কাশ্মীর রাজ্যপাল হিসেবে তাঁর মেয়াদকালে ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করা হয়। সত্যপাল মালিকের প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর ব্যক্তিগত সচিব কেএস রানা এই খবর নিশ্চিত করেছেন।