“উদয়ন গুহ, তোমার সঙ্গে হিসেব হবে”-কোচবিহারে খোলা হুঁশিয়ারি দিলেন শুভেন্দু

কোচবিহারে কনভয়ে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তার গাড়িতে হামলার অভিযোগের পর তিনি তৃণমূল নেতা উদয়ন গুহকে সরাসরি নিশানা করে বলেছেন, “এর শেষ দেখে ছাড়ব।” একই সঙ্গে তিনি তৃণমূলের বিরুদ্ধে পাল্টা বদলার হুঁশিয়ারিও দিয়েছেন।
মঙ্গলবার কোচবিহারের খাগড়াবাড়িতে শুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগ ওঠে। এই ঘটনার পর শুভেন্দু বিজেপি কার্যালয়ে গিয়ে বলেন, “আমি মমতাকে হারানো লোক। সত্যিকারের সনাতনী হয়ে থাকলে, এর হিসাব আমি নেব। বদলও হবে, বদলাও হবে। উদয়ন গুহ, তোমার সঙ্গে আমার হিসাব হবে।”
ঘটনার বিস্তারিত জানিয়ে শুভেন্দু বলেন, “গতকাল গভীর রাতে রাজ্যের রাজ্যপাল, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপিকে মেল করে বিচারপতি মান্থার দুটি অর্ডার জানিয়ে, সমস্ত তথ্য দিয়ে এসেছি। বাগডোগরা থেকে সকাল ১০টায় কোচবিহারের উদ্দেশে যাত্রা করি।” তিনি অভিযোগ করেন, খাগড়াবাড়িতে পৌঁছানো মাত্রই “উন্মত্ত হায়নার দল, উদয়ন গুহের নেতৃত্বে” তার ওপর ঝাঁপিয়ে পড়ে।
শুভেন্দু অধিকারী দাবি করেন, যদি তিনি বুলেটপ্রুফ গাড়িতে না থাকতেন, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতো। তিনি উদয়ন গুহকে “প্রত্যক্ষ খুনি” এবং রাজীব কুমারকে “পরোক্ষ খুনি” হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, “আমি মমতাকে হারানো লোক, তাই ওদের এত রাগ।”
এই হামলার পর তিনি এসআইআর প্রসঙ্গে বলেছেন, “কোনো হিন্দুর সমস্যা হবে না, কোনো রাজবংশীর সমস্যা হবে না…একটাও বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা ভোটার তালিকায় থাকবে না।” এই মন্তব্যের মাধ্যমে তিনি রাজনৈতিক বিতর্কের নতুন মাত্রা যোগ করেছেন।