শুভেন্দুর গাড়িতে হামলার অভিযোগ, তুলকালাম কান্ড কোচবিহারের খাগড়াবাড়িতে

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় তার গাড়িতে ইট মারা হয়েছে এবং কনভয়ের দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছে বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিন কোচবিহারে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করার কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারীর। তবে একই সময়ে তৃণমূল কংগ্রেস জেলার ১৯টি স্থানে পথসভার ডাক দেয়। অভিযোগ, খাগড়াবাড়ি চৌপথিতে শুভেন্দুর কনভয় পৌঁছালে তৃণমূল কর্মীরা তাকে ঘিরে ধরে এবং ‘চোর’ স্লোগান দেয়। এ সময় তার কনভয়ের ওপর হামলা চালানো হয়।

বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা ইট মেরে শুভেন্দুর গাড়ির ক্ষতি করেছে এবং কনভয়ের আরও দুটি গাড়িতে ভাঙচুর চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। কোনোমতে পুলিশ শুভেন্দু অধিকারীর গাড়িটিকে সেখান থেকে বের করে নিয়ে যায়। এরপর তিনি কোচবিহারে বিজেপির জেলা কার্যালয়ে যান।

অন্যদিকে, তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘খাগড়াবাড়িতে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। সেখানে শুভেন্দুর গাড়ি ইচ্ছাকৃতভাবে এসে দাঁড়িয়ে পড়ে। তিনি আমাদের কর্মীদের উত্তেজিত করার চেষ্টা করেন। তার কনভয়ের লোকেরা গাড়ির পেছন থেকে লাঠি বের করে আমাদের ওপর হামলা চালানোর চেষ্টা করে। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে তাকে বের করে দিয়েছে।’ এই ঘটনাকে কেন্দ্র করে কোচবিহারের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।