CISF-এ নতুন নিয়োগ হবে ৫৮ হাজার, জেনেনিন কারা কারা আবেদন করতে পারেন?

দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীতে (CISF) কর্মী সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। ২০২৯ সালের মধ্যে বাহিনীর বর্তমান ১ লক্ষ ৬২ হাজার কর্মী সংখ্যাকে ২ লক্ষে উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে আগামী পাঁচ বছরে বিপুল সংখ্যক নতুন যুবক-যুবতীর জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে।

এই নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রতি বছর ১৪,০০০ নতুন জওয়ান সিআইএসএফ-এ নিয়োগ করা হবে। এই নিয়োগের ফলে সিআইএসএফ আরও বেশি শক্তিশালী এবং যুদ্ধের জন্য প্রস্তুত হবে। সরকারের এই পদক্ষেপ ভারতের ক্রমবর্ধমান অর্থনীতি এবং শিল্প উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ANI-এর তথ্য অনুযায়ী, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলোতে বামপন্থী উগ্রবাদের প্রভাব কমে যাওয়ায় সেখানে নতুন শিল্প কেন্দ্র তৈরির সম্ভাবনা বেড়েছে। এই নতুন কেন্দ্রগুলোতে নিরাপত্তা প্রদানের জন্য সিআইএসএফের প্রয়োজন হবে। গত দুই বছর ধরে নিয়োগ প্রক্রিয়া চলছে। ২০২৪ সালে ১৩,২৩০ জন কর্মী নিয়োগ করা হয়েছে এবং ২০২৫ সালে ২৪,০৯৮ জন নিয়োগের প্রক্রিয়াধীন। একজন আধিকারিক জানিয়েছেন, এই নিয়োগ অভিযানে বিপুল সংখ্যক মহিলা প্রার্থীকে আকৃষ্ট করার লক্ষ্য রয়েছে।

২২ জুলাই রাষ্ট্রপতি সিআইএসএফ-এর কর্মী সংখ্যা ২ লক্ষ থেকে বাড়িয়ে ২.২ লক্ষ করার অনুমোদন দিয়েছেন। বর্তমানে শূন্য থাকা ৫৮,০০০ পদ পূরণের জন্য প্রতি বছর ১৪,০০০ করে নিয়োগ করা হবে। নতুন নিয়োগপ্রাপ্ত সৈন্যদের জম্মু ও কাশ্মীর, বিমানবন্দর, বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র, পরমাণু কেন্দ্র, জলবিদ্যুৎ প্রকল্প এবং কারাগারের মতো গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হবে। সম্প্রতি সংসদ ভবন কমপ্লেক্সেও সিআইএসএফ-এর একটি অতিরিক্ত ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে।