ভয়ানক কাণ্ড…! হলদিয়ায় রাতের অন্ধকারে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত ২জন

গভীর রাতে হলদিয়ায় একটি বেসরকারি সার কারখানার শ্রমিকদের ওপর হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, অজ্ঞাতপরিচয় একদল দুষ্কৃতী কারখানার দুই শ্রমিককে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেছে। গুরুতর আহত অবস্থায় ওই দুই শ্রমিককে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে দুর্গাচক এলাকার সার উৎপাদনকারী সংস্থা ‘ইন্দোরমা’র হলদিয়া ডকসাইডে। এই কারখানার পণ্য পরিবহন শ্রমিকরা বেশ কিছু দিন ধরেই বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন চালাচ্ছিলেন। শ্রমিকদের অভিযোগ, এই আন্দোলনের জেরেই একদল দুষ্কৃতী দিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে হামলার শিকার হওয়া দুই শ্রমিককে কারখানার বাইরে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের ওপর অতর্কিতে হামলা চালানো হয় এবং বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে অন্য শ্রমিকরা ঘটনাস্থলে ছুটে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তাঁরা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনকে দমন করার জন্যই এই ধরনের হামলা চালানো হয়েছে বলে শ্রমিক সংগঠনগুলি অভিযোগ তুলেছে। এই ঘটনায় হলদিয়ার শিল্পাঞ্চলে চরম অস্থিরতা দেখা দিয়েছে।