দারুণ স্বাদের এই মাছ, কিন্তু বোরলি সংরক্ষণে কড়া পদক্ষেপ! জারি নিষেধাজ্ঞা

বোরোলি-সহ অন্যান্য স্থানীয় মাছের প্রজনন ঋতুকে সুরক্ষিত রাখতে এবার তিস্তা, জলঢাকা ও করলা নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করল জলপাইগুড়ি জেলা মৎস্য দফতর। এই নিষেধাজ্ঞার আওতায় ছোট জাল ও চাইনিজ জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মৎস্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, অক্টোবর মাস পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

নদী সংলগ্ন এলাকায় এই বিষয়ে সচেতনতা বাড়াতে ইতিমধ্যেই প্রচার কর্মসূচি শুরু করা হয়েছে। বিলি করা হচ্ছে লিফলেট এবং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে এই সতর্কবার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। মৎস্য দফতরের স্পষ্ট হুঁশিয়ারি, এই নিষেধাজ্ঞা অমান্য করলে জেল এবং জরিমানা দুই-ই হতে পারে।

এই কঠোর পদক্ষেপ নেওয়ার প্রধান উদ্দেশ্য হলো বোরোলি-সহ অন্যান্য নদীয়ালী মাছের প্রজনন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হতে দেওয়া এবং তাদের বংশবৃদ্ধি নিশ্চিত করা। তিস্তা পাড়ের বাসিন্দাদের বেআইনি পদ্ধতিতে মাছ ধরা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

স্থানীয় মৎস্যজীবীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের অনেকেই মনে করছেন, ছোট জাল ব্যবহার করে নির্বিচারে মাছ ধরলে আখেরে তাঁদের নিজেদেরই ক্ষতি হবে। মাছের সংখ্যা কমে গেলে ভবিষ্যতে তাঁদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়বে। তাই এই নিষেধাজ্ঞা তাঁদের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা করবে বলে তাঁরা মনে করছেন।

মৎস্য দফতরের এই পদক্ষেপের ফলে তিস্তা, জলঢাকা ও করলা নদীর জীববৈচিত্র্য রক্ষা পাবে এবং বোরোলি মাছের সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে।