জাল আধার বানিয়ে দিব্যি ছিলেন ভারতে, ফাঁস হতেই গ্রেফতার হলেন বাংলাদেশি

ভারত-নেপাল সীমান্তে পানিট্যাঙ্কি এলাকা থেকে ফের এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, এই যুবক জাল ভারতীয় আধার কার্ড ব্যবহার করে অবৈধভাবে ভারতে বসবাস করছিল। সোমবার ভোরে সশস্ত্র সীমা বল (SSB)-এর ৪১ নম্বর ব্যাটালিয়নের বিশেষ অপারেশন গ্রুপের সদস্যরা তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে।

পুলিশ ও এসএসবি সূত্রে খবর, আটক যুবকের নাম পলাশচন্দ্র রায় (২৭), যার বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার বোচাগঞ্জ এলাকায়। এসএসবি কর্মকর্তারা পুরোনো মেচি সেতুর পাশে তাকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে। তল্লাশির পর তার কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র, জন্ম শংসাপত্র ও স্কুলের সার্টিফিকেট উদ্ধার করা হয়। এর পাশাপাশি, তার কাছে একটি জাল ভারতীয় আধার কার্ডও পাওয়া গেছে।

জিজ্ঞাসাবাদে পলাশচন্দ্র রায় জানায় যে, সে ২০২৪ সালের অক্টোবর মাসে ফুলবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর থেকে সে ছোট বিদরাজোত গ্রামে তার মামা জগদীশ বর্মনের বাড়িতে থাকত। এসএসবি জানিয়েছে, জগদীশ বর্মন সীমান্ত এলাকায় জাল নথি ও অবৈধ পাচারের সঙ্গে জড়িত।

এসএসবি আধিকারিকরা আরও জানান, আটক যুবককে জিজ্ঞাসাবাদের পর সোমবার সন্ধ্যায় খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা আবারও সামনে এনেছে।