ইসিএলের গাড়ির ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে কোলিয়ারিতে বিক্ষোভ

আসানসোলের কুলটির ইসিএলের বেজডি কোলিয়ারির কাছে একটি ইসিএলের গাড়ির ধাক্কায় একাদশ শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রতিবাদে মৃতদেহ কোলিয়ারিতে রেখেই বিক্ষোভ দেখালেন মৃতের পরিবার ও স্থানীয়রা।

সোমবার সকালে রাধানগরের বাসিন্দা নন্দিনী গুপ্তা তার মামার সঙ্গে মোটরবাইকে চেপে স্কুলে যাচ্ছিল। অভিযোগ, ইসকো রোডের রানিসায়র মোড়ে একটি ইসিএলের গাড়ির ধাক্কায় নন্দিনী গুরুতর আহত হয়। জানা গেছে, দুর্ঘটনা ঘটানো ওই গাড়িতে বিস্ফোরক ছিল। আহত ছাত্রীকে দ্রুত উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনার পর আজ জেলা হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর মৃতদেহ সরাসরি বেজডি কোলিয়ারিতে নিয়ে এসে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন পরিবার ও পরিজনরা। তাদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন আসানসোল পৌরনিগমের ১০২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ মাজিও।

কাউন্সিলর সৌরভ মাজি সাংবাদিকদের বলেন, “আজ সকালে মামার সঙ্গে মেয়েটা স্কুলে যাচ্ছিল। সেই সময় ইসিএল-এর একটি ভ্যান ধাক্কা মারে। এরপর আমরা ওকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু মেয়েটাকে বাঁচানো যায়নি। বছর দুয়েক আগে ওদের বাবা মারা গিয়েছে। তারপর দুই ভাগ্নি মামার বাড়ি থাকত। সেই মতো স্কুলে ভর্তি করেছিল। আজ স্কুলে যাচ্ছিল তখনই এই ঘটনা ঘটেছে।” এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ইসিএলের গাড়ির বেপরোয়া গতি নিয়ে প্রশ্ন উঠেছে।