৯ বছর পর দেব-শুভশ্রীর পুনর্মিলন, ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চে নস্টালজিয়ার ঢেউ

৯ বছর! দীর্ঘ এই অপেক্ষার অবসান ঘটিয়ে এক শ্রাবণ সন্ধ্যায় লাল-নীল আলোর মাঝে আবারও পাশাপাশি দেখা গেল টলিউডের একসময়ের সুপারহিট জুটি দেব ও শুভশ্রীকে। তাদের পুনর্মিলন মঞ্চে দর্শকদের মনে বয়ে গেল নস্টালজিয়ার এক বিশাল ঢেউ। ‘ধূমকেতু’ ছবির হাত ধরে তারা যেন নতুন এক চ্যালেঞ্জ নিয়ে এসেছেন, যেখানে সেই পুরোনো ম্যাজিককে নতুন মোড়কে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

রবিবার ফ্রেন্ডশিপ ডে কাটানোর পর সোমবার নজরুল মঞ্চে যেন এক নতুন বন্ধুত্বের সূচনা হল। দেব ও শুভশ্রী দুজনেই রংমিলান্তি পোশাকে হাজির হয়েছিলেন। মঞ্চে আসার পর তারা একে অপরের দিকে হাত বাড়িয়ে দিলেন – ৯ বছর পর দেখা হলো, কথা হলো। দর্শকদের অপেক্ষার বাঁধ ভাঙল, যাদের ‘পরাণ জ্বলে উঠল নস্টালজিয়ায়’। একসময় ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ছবির এই জুটিকে দেখতে সিনেমাহলে উপচে পড়ত ভিড়, কলেজ পড়ুয়ারা তাদের গান গেয়ে উঠত। সেই সুপারহিট জুটিকে এত বছর পর চোখের সামনে দেখে দর্শকদের উচ্ছ্বাস ছিল বাঁধভাঙা।

মঞ্চে শুভশ্রী দেবের পাশে দাঁড়িয়ে বলে উঠলেন, “আমার সঙ্গে বন্ধুত্ব করবে!” শুভশ্রীর এই কথায় দেবের পাল্টা প্রশ্ন ছিল ‘কেন?’ আর শুভশ্রী বললেন ‘এমনি!’ এই মজার সংলাপে নজরুল মঞ্চ তখন করতালিতে মুখর।

কিছুক্ষণ পরেই দেব বলে ওঠেন, “আমি ওর সাক্ষাৎকার দেখছিলাম, ওর হাসিটা মিস করেছি। বললাম একটু হাসো!” দেব-শুভশ্রীর এই বাস্তব সংলাপে ততক্ষণে দর্শকদের উত্তেজনা তিনগুণ হয়েছে। শুভশ্রী তখন আবেগাপ্লুত হয়ে বলেন, “আমি আর দেব এতটা চেষ্টা করিনি এই জুটিটাকে বাঁচিয়ে রাখার। কিন্তু দর্শকরা, তাঁদের ভালবাসায়, অনুভূতিতে, কান্নায়, আনন্দে আমাদের জুটিকে বাঁচিয়ে রেখেছিল। তাই দর্শকদের সবার আগে ধন্যবাদ বলতে চাই।”

আগামী ১৪ই আগস্ট মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী জুটির ছবি ‘ধূমকেতু’। ছবি মুক্তির আগেই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দেব-শুভশ্রী যেন প্রমাণ করে দিলেন, তাদের জুটির ম্যাজিক আজও সুপারহিট এবং দর্শক হৃদয়ে তাদের আসন অক্ষত।