বীরভূমে পদে ফিরতেই অনুব্রতর কামব্যাক, ‘SP ঘুমোচ্ছিলেন?’ সেই পুলিশকেই নিশানা করলেন কেষ্ট

সাম্প্রতিক বিতর্কের রেশ কাটতে না কাটতেই পুরোনো মেজাজে ফিরলেন তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল। মাসখানেক আগে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপ (যা তিনি এআই দ্বারা তৈরি বলে দাবি করেছিলেন) নিয়ে বিতর্কে জড়ালেও, এবার পদ ফিরে পেয়েই তিনি স্বমহিমায়। গতকাল রবিবার বীরভূম জেলার পুলিশ সুপার আমনদীপ সিংয়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অনুব্রত। তিনি অভিযোগ করেছেন, খোদ মুখ্যমন্ত্রীর ছবিতে কালি লাগানো হলেও পুলিশ নীরব ছিল।

ঘটনার সূত্রপাত গত সপ্তাহের শেষে সিউড়িতে। একটি বেহাল সেতুর প্রতিবাদে বিজেপি নেতা-কর্মীরা জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান। অভিযোগ, সেই সময় বিক্ষোভে ব্যবহৃত কিছু পোস্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি লাগানো হয়।

এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, “সিউড়িতে যে ঘটনা ঘটেছে, তা খুবই নিন্দনীয়। আমরা দীর্ঘদিন বিরোধী রাজনীতি করেছি, জ্যোতিবাবুর আমলে, বুদ্ধদেব ভট্টাচার্য আমলে। কিন্তু, কোনো মুখ্যমন্ত্রীর মুখে কালি লাগাইনি। এটা আমাদের শিক্ষা নয়। আজ কেন্দ্রে বিজেপি সরকার আছে, তাদের কোনো লিডারের মুখে আমরা কালি লাগাই না। এটা কোনো ভদ্রতা নয়।”

এরপরই অনুব্রত মণ্ডল সরাসরি বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিংকে নিশানা করেন। তিনি বলেন, “বীরভূম জেলায় এই ধরনের কালচার ছিল না। এই এসপি আসার পর এই কালচারগুলো হয়েছে। আগে কোনো এসপি থাকাকালীন নোংরামির ঘটনা হত না।”

একইসঙ্গে পুলিশ সুপারের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তোলেন অনুব্রত। তিনি বলেন, “এই এসপি আসার পর তিনজন মেয়ে নিখোঁজ হয়েছে। দু’জন তৃণমূল নেতার মৃত্যু হয়েছে। সবকিছু হচ্ছে এই এসপির আমলে। যেখানে মুখ্যমন্ত্রীর মুখে কালি লাগানো হয়েছে, সেখান থেকে এসপি অফিস মাত্র হাত বিশেক দূরে। উনি কি ঘুমাচ্ছিলেন? ওঁর ডিআইবির রিপোর্ট নেই? খবর নেই? এটা মানা যায় নাকি?”

উল্লেখ্য, গত ২৭ থেকে ২৯ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে গিয়েছিলেন। এই সফরের পরই অনুব্রত মণ্ডলকে তৃণমূলের বীরভূম জেলার কোর কমিটির আহ্বায়ক করা হয় এবং তাঁর ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা ফিরিয়ে দেওয়া হয়। পদ ফিরে পেয়েই ফের পুলিশের বিরুদ্ধে সরব হলেন অনুব্রত। এই ঘটনার প্রতিবাদে জেলাজুড়ে প্রতিবাদ মিছিল করা হবে বলেও তিনি ঘোষণা করেছেন। অনুব্রত মণ্ডলের এই ‘কামব্যাক’ রাজনৈতিক মহলে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।