সুরক্ষার কথা মাথায় রেখে নয়া ব্যবস্থা সেন্ট্রাল রেলের, বন্ধ হচ্ছে লোকাল ট্রেনের দরজা!

লোকাল ট্রেন মানেই দরজার সামনে ভিড়, ঠাসাঠাসি করে যাতায়াত এবং অনেকেই ট্রেনের দরজায় বিপজ্জনকভাবে ঝুলতে থাকেন। বাংলার মতো মুম্বইয়েও লোকাল ট্রেনে এই দৃশ্য খুবই সাধারণ। তবে এবার সেই চিত্র বদলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সুরক্ষার কথা মাথায় রেখে এবার লোকাল ট্রেনের দরজাও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সেন্ট্রাল রেলওয়ে।
সম্প্রতি মুম্বইয়ের মুম্বরার কাছে লোকাল ট্রেন থেকে পড়ে চারজনের মৃত্যুর ঘটনা এবং ৯ জনের আহত হওয়ার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকাল ট্রেনের নিরাপত্তা বাড়ানোর ওপর জোর দেন। এরপরই সেন্ট্রাল রেল এই পদক্ষেপ নিয়েছে। আপাতত এই ব্যবস্থা শিয়ালদহ বা হাওড়া ডিভিশনের ট্রেনে দেখা না গেলেও, মুম্বইয়ের লোকাল ট্রেনের জন্য তৈরি হচ্ছে বিশেষ কোচ, যেখানে দরজা বন্ধ করে রাখা হবে।
জানা গেছে, এই নতুন কোচে ফাইবার গ্লাস প্যানেলের বদলে থাকছে ভেন্টিলেটেড দরজা। সেন্ট্রাল রেলওয়ে এই প্রথমবার এমন ধরনের দরজা ব্যবহার করছে। এই দরজাগুলো অপারেট করবেন মোটরম্যান এবং ট্রেন ম্যানেজার। এই বিশেষ কোচের ডিজাইন করা হচ্ছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে এবং এটি এখনও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এর আগে পশ্চিম রেলওয়েও এই ধরনের ব্যবস্থা চালু করার চেষ্টা করেছিল। ২০১৯ সালে তিনটি কোচে দরজা বন্ধ রাখার পরিকল্পনা করা হয়, কিন্তু মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে সেই উদ্যোগ সফল হয়নি। তবে এবার সেন্ট্রাল রেলওয়ে এই নতুন ভেন্টিলেটেড দরজা নিয়ে আশাবাদী। এই পদক্ষেপ সফল হলে লোকাল ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তা অনেকাংশে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।