“সংসদে গরু নিয়ে আসা উচিত…”, দেখভাল করলেই মাসে মিলবে ২ লক্ষ টাকা বেতন! দাবি শঙ্করাচার্যের

দেশের নতুন সংসদ ভবনে উদ্বোধনের সময় গরু নিয়ে আসা উচিত ছিল বলে বিতর্কিত মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিলেন জোশীমঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। রবিবার এই মন্তব্য করার সময় তিনি প্রশ্ন তোলেন, “যদি গরুর মূর্তি সংসদে ঢুকতে পারে, তাহলে আসল গরু কেন না?”

শঙ্করাচার্য ব্যাখ্যা করে বলেন যে, নতুন সংসদ ভবনে প্রবেশের সময় প্রধানমন্ত্রীর হাতে যে ‘সেঙ্গল’ বা রাজদণ্ড ছিল, সেখানেই একটি গরুর ছবি খোদাই করা দেখা গিয়েছে। এই প্রসঙ্গ টেনেই তিনি মন্তব্য করেন, “ওই দিন সংসদে একটি গরু নিয়ে যাওয়া উচিত ছিল। এবার প্রশাসন যদি তা না পারে, তাহলে আমাদের পক্ষ থেকে গোটা দেশের নানা প্রান্তের গরু নিয়ে যেতে পারি।” তাঁর এই মন্তব্যের পর রাজনৈতিক ও ধর্মীয় মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গরুর প্রসঙ্গ এখানেই শেষ করেননি শঙ্করাচার্য। এদিন তিনি মহারাষ্ট্রের প্রশাসনের উদ্দেশে বলেন, “মহারাষ্ট্র সরকারের উচিত গরুকে সম্মান জানানোর জন্য একটি নীতি তৈরি করা। কেউ যদি গরুকে উত্ত্যক্ত না করে তার জন্য জরিমানাও ধার্য করা হোক।”

পাশাপাশি, তিনি দেশজুড়ে যতগুলি বিধানসভা রয়েছে সেখানে ‘রামাধাম’ নামে গোয়াল তৈরিরও দাবি জানান। শঙ্করাচার্যের কথায়, “দেশজুড়ে ৪ হাজারের অধিক রামাধাম তৈরি করা প্রয়োজন। যেখানে গরু নিরাপত্তা থেকে সকল পরিষেবার ব্যবস্থা থাকবে। পাশাপাশি, প্রায় শতাধিক গরু রাখারও জায়গা থাকবে। যিনি ওই গরুগুলির দেখভাল করবেন তাঁকে প্রতি মাসে দু’লক্ষ টাকা বেতন দেওয়া হবে।”

শঙ্করাচার্যের এই ধরনের মন্তব্য গো-রক্ষা এবং হিন্দুত্বের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তাঁর দাবি এবং প্রস্তাবগুলো নিয়ে ভবিষ্যতে আরও বিতর্ক সৃষ্টি হতে পারে।