“ইলেকশন কমিশন ভোট চুরি করছে, আমাদের কাছে প্রমাণ আছে”-ফের বিস্ফোরক দাবি রাহুল গান্ধীর

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আজ নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র মতো গুরুতর এবং বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন যে, নির্বাচন কমিশনকে ব্যবহার করে ‘অনৈতিক কাজ’ করা হচ্ছে এবং এর প্রমাণ তার হাতে রয়েছে, যা ‘নির্বাচন কমিশনের ভিত নাড়িয়ে দিতে পারে’। এই অভিযোগের জেরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

রাহুল গান্ধী বলেন, “আমরা নিজেরাই অনুসন্ধান চালিয়েছি। আর তাতে এমনই জিনিস খুঁজে পেয়েছি, যা রীতিমতো অ্যাটম বম্ব, ফাটলে নির্বাচন কমিশন পর্যন্ত সম্পূর্ণ নাড়িয়ে দেবে।” তিনি আরও দাবি করেন, “ভোট চুরি হচ্ছে এবং তা রীতিমতো প্রকাশ্যে হচ্ছে। আমাদের কাছে এর পাকা প্রমাণ রয়েছে।”

নির্বাচন কমিশন এই ভোট কারচুপির সঙ্গে জড়িত বলে সরাসরি অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী। তিনি বলেন, “এটা মোটেও হালকাভাবে নেওয়ার মতো বিষয় নয়। আমি ১০০ শতাংশ প্রমাণ নিয়েই এটা বলছি। এবার সারাদেশের মানুষই জানতে পারবে যে কীভাবে বিজেপির হয়ে নির্বাচন কমিশন ভোট চুরি করছে। একেবারে ওপেন-শাট কেস এটি। কেউ এই বিষয়ে কোনো প্রশ্নও তুলতে পারবে না।”

নির্বাচন কমিশনের কর্মীদের সরাসরি হুঁশিয়ারি দিয়ে রাহুল গান্ধী বলেন, “আমি অত্যন্ত গুরুত্ব দিয়েই এটা বলছি যে, যে-ই এই কাজ করুন না কেন, নির্বাচন কমিশনে বসেই সেটি করছে। উপর থেকে নিচতলা যেখানেই তারা থাকুন না কেন, আমরা তাদের রেহাই দেব না।” তার কড়া মন্তব্য, “আমরা তোমাকে ছাড়ব না কারণ, তুমি ভারতবিরোধী কাজ করেছ। এটা দেশের প্রতি বিশ্বাসঘাতকতা। তুমি যেখানেই থাকো না কেন, অবসরপ্রাপ্ত হলেও আমরা তোমাকে খুঁজে বের করব।”

এই বিস্ফোরক অভিযোগ এমন এক সময়ে এল যখন বিহারে ‘বিশেষ নিবিড় সংশোধন’ (SIR) প্রক্রিয়ার পর ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ নাম বাদ পড়েছে, যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। রাহুল গান্ধীর এই দাবির পর নির্বাচন কমিশনের ভূমিকা এবং তাদের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাহুল গান্ধীর এই ‘অ্যাটম বম্ব’ সদৃশ প্রমাণের দাবি আগামী দিনে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে।