ড্রোনের চক্করে ঘুম উড়েছিল গ্রামবাসীদের! তারপর যা জানা গেল? গ্রেফতার দুই যুবক

পশ্চিম উত্তরপ্রদেশের একাধিক গ্রামের রাতের আকাশে দীর্ঘদিন ধরে দেখা যাওয়া রহস্যজনক ‘আলো’ নিয়ে তৈরি হওয়া আতঙ্ক ও বিভ্রান্তির অবসান ঘটিয়েছে পুলিশ। গ্রামবাসীরা যেগুলিকে ড্রোন বলে ভুল করছিলেন, সেগুলি আসলে পায়রার পায়ে এলইডি বাতি বেঁধে আকাশে উড়িয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বুধবার শোয়েব ও সাকিব নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, রাতের অন্ধকারে পায়রার পায়ে লাল ও সবুজ রঙের এলইডি বাতি বেঁধে আকাশে ছেড়ে দিত। দূর থেকে এই আলো দেখে সাধারণ মানুষ সেগুলিকে ড্রোন মনে করে আতঙ্কিত হয়ে পড়ছিলেন। এই ঘটনায় রাতের ঘুম হারাম হয়েছিল বহু গ্রামবাসীর, অনেকে রাত জেগে পাহারাও দিচ্ছিলেন।

দীর্ঘদিন ধরে এই ‘ড্রোন’ দেখার খবর জেলার বিভিন্ন গ্রাম থেকে আসছিল, বিশেষ করে রাতের অন্ধকারে এই লাল-সবুজ আলো আকাশে রহস্য তৈরি করছিল। বিষয়টি নিয়ে একাধিক গ্রামবাসী পুলিশের কাছে অভিযোগ জানালে কাকরোলি থানার অন্তর্গত জাটওয়াড়া গ্রামের পুলিশ তদন্তে নামে।

জেলা পুলিশ সুপার (SSP) সঞ্জয় কুমার জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে দু’টি পায়রা, একটি খাঁচা এবং বেশ কিছু এলইডি বাতি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

এই রহস্যের কিনারা করার জন্য সংশ্লিষ্ট পুলিশ দলকে ২০ হাজার টাকার পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন পুলিশ সুপার। এই অদ্ভুত ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা মজার ছলে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন বিভ্রান্তি ছড়ায়, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনলেও, একই সাথে সমাজে এ ধরনের ভিত্তিহীন আতঙ্ক ছড়ানোর প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছে।