এনভিডিয়াকে টক্কর দিতে এআই কম্পিউটার সিস্টেম নিয়ে এলো হুয়াওয়ে

মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়ার সেরা পণ্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কম্পিউটার সিস্টেম দেখাল চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে।
শনিবার এআইনির্ভর এই কম্পিউটিং সিস্টেম দেখিয়েছে হুয়াওয়ে টেকনোলজিস। শিল্প বিশেষজ্ঞরা বলছেন, এনভিডিয়ার সবচেয়ে সেরা প্রযুক্তির মতোই শক্তিশালী হুয়াওয়ের এই সিস্টেম।
চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বাজার দখলের লক্ষ্যে হুয়াওয়ে এমন পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
‘ক্লাউডম্যাট্রিক্স ৩৮৪’ নামে হুয়াওয়ের এ সিস্টেমটি প্রথমবারের মতো প্রকাশ্যে দেখানো হয় ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স’ বা ডব্লিউএআইসি-এ। তিনদিনের এ ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছে চীনের সাংহাই শহরে, যেখানে নিজেদের নতুন এআই প্রযুক্তি দেখিয়েছে বিভিন্ন কোম্পানি। হুয়াওয়ের স্টলেও এই সিস্টেম দেখতে বহু মানুষ ভিড় করেছিলেন।
এপ্রিলে প্রথমবারের মতো এ সিস্টেমটি সম্পর্কে ঘোষণা দিয়েছিল হুয়াওয়ে। এর পর থেকেই বিশ্বজুড়ে এআই বিশেষজ্ঞদের নজর কেড়েছে সিস্টেমটি, যেটিকে এনভিডিয়ার ‘জিবি২০০ এনভিএল৭২’ সিস্টেমের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বর্তমানে এনভিডিয়ার সেরা সিস্টেম এই ‘জিবি২০০ এনভিএল৭২’।
এপ্রিলে এক প্রতিবেদনে সেমিকন্ডাক্টর গবেষণা প্রতিষ্ঠান ‘সেমিঅ্যানালাইসিস’-এর প্রতিষ্ঠাতা ডিলান প্যাটেল বলেছেন, হুয়াওয়ে এখন এমন এআই সিস্টেম তৈরির সক্ষমতা অর্জন করে ফেলেছে, যা এনভিডিয়াকেও ছাড়িয়ে যেতে পারে।
তবে ‘ক্লাউডম্যাট্রিক্স ৩৮৪’ সিস্টেমটি সম্পর্কে ডব্লিউএআইসি প্রদর্শনীতে হুয়াওয়ের স্টলে থাকা কর্মীদের কাছে জানতে চাওয়া হলে কোনও মন্তব্য করেননি তারা। হুয়াওয়ের একজন মুখপাত্রও এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।
রয়টার্স লিখেছে, যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞার মুখে থাকলেও বর্তমানে চীনের সবচেয়ে সম্ভাবনাময় দেশীয় চিপ সরবরাহকারী হিসেবে বিবেচিত হচ্ছে হুয়াওয়ে। এই চিপ এআই প্রযুক্তি বিকাশে গুরুত্বপূর্ণ।
এদিকে, মে মাসে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং মার্কিন বাণিজ্য দৈনিক ব্লুমবার্গ’কে বলেছিলেন, হুয়াওয়ে ‘বেশ দ্রুত এগিয়ে চলেছে’, যার ফল হচ্ছে নতুন এই ক্লাউডম্যাট্রিক্স সিস্টেম।
‘ক্লাউডম্যাট্রিক্স ৩৮৪’ সিস্টেমে হুয়াওয়ের নতুন ‘৯১০সি’ নামের চিপ ৩৮৪টি ব্যবহার করেছে কোম্পানিটি।
‘সেমিঅ্যানালাইসিস’-এর প্রতিবেদনে অনুসারে, কিছু ক্ষেত্রে এনভিডিয়ার ‘জিবি২০০ এনভিএল৭২’ সিস্টেমের চেয়ে ভালো পারফর্ম করবে এটি। এনভিডিয়ার এই সিস্টেমে ৭২টি ‘বি২০০’ নামের চিপ ব্যবহার করেছে মার্কিন চিপ জায়ান্টটি।
সেমিঅ্যানালাইসিস আরও বলেছে, হুয়াওয়ের এই শক্তি এসেছে তাদের সিস্টেম ডিজাইনের সক্ষমতা থেকে। প্রতিটি চিপের পারফরমেন্স কম হলেও বেশি সংখ্যক চিপ ব্যবহার ও সিস্টেম-স্তরের নতুন উদ্ভাবনের মাধ্যমে সেই ঘাটতি পূরণ করে কোম্পানিটি। ফলে পুরো সিস্টেমের কর্মসক্ষমতা উন্নত হয় বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
হুয়াওয়ে বলেছে, এ সিস্টেমে ‘সুপারনোড’ আর্কিটেকচার ব্যবহার করেছে তারা, যা বিভিন্ন চিপকে খুব দ্রুতগতিতে একে অপরের সঙ্গে আন্তঃসংযোগ হতে সাহায্য করেছে।
জুনে হুয়াওয়ের ক্লাউড বিভাগের সিইও ঝাং পিংআন বলেছেন, হুয়াওয়ের ক্লাউড প্ল্যাটফর্মে কার্যকর অবস্থায় রয়েছে ‘ক্লাউডম্যাট্রিক্স ৩৮৪’ সিস্টেমটি।