থাইল্যান্ড-কম্বোডিয়া তুমুল লড়াই, জেনেনিন সামরিক শক্তিতে কে কতটা এগিয়ে?

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে কয়েক মাস ধরে চলা সীমান্ত উত্তেজনা বৃহস্পতিবার ভয়াবহ সামরিক সংঘাতে রূপ নিয়েছে। দু’দেশের সামরিক বাহিনী পাল্টাপাল্টি বিমান ও রকেট হামলা চালিয়েছে, যা সাম্প্রতিক দশকে এই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। থাইল্যান্ড মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে কম্বোডিয়ার সামরিক স্থাপনায় হামলা চালালে, কম্বোডিয়াও পাল্টা জবাব দিয়েছে। এই হামলায় থাইল্যান্ডে অন্তত ১২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। কম্বোডিয়ারও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) তথ্য অনুযায়ী, দুই দেশের সামরিক শক্তি ও অস্ত্রভাণ্ডারের তুলনামূলক চিত্র তুলে ধরা হলো:
বাজেট ও স্থলবাহিনী
কম্বোডিয়া:
গত বছর কম্বোডিয়ার প্রতিরক্ষা বাজেট ছিল ১.৩ বিলিয়ন ডলার। দেশটির সক্রিয় সেনা সদস্যের সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৩০০ জন। ১৯৯৩ সালে সাবেক কমিউনিস্ট সামরিক বাহিনী এবং দুটি প্রতিরোধ বাহিনীর সংমিশ্রণে বর্তমান সশস্ত্র বাহিনী গঠিত হয়েছিল। কম্বোডিয়ার সেনাবাহিনী তাদের সশস্ত্র বাহিনীর মধ্যে বৃহত্তম, যেখানে প্রায় ৭৫ হাজার সৈন্য রয়েছেন। তাদের সহায়তায় রয়েছে ২০০টিরও বেশি যুদ্ধ ট্যাঙ্ক এবং ৪৮০টি আর্টিলারি।
থাইল্যান্ড:
যুক্তরাষ্ট্রের পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বাইরের প্রধান মিত্র হিসেবে পরিচিত থাইল্যান্ড। তাদের সামরিক বাহিনী বৃহৎ এবং ব্যাপক অর্থায়নে পরিচালিত। ২০২৪ সালে থাইল্যান্ডের প্রতিরক্ষা বাজেট ছিল ৫.৭৩ বিলিয়ন ডলার। দেশটির সশস্ত্র বাহিনীতে ৩ লাখ ৬০ হাজারের বেশি সক্রিয় সদস্য রয়েছেন। থাই সেনাবাহিনীতে মোট ২ লাখ ৪৫ হাজার সদস্য রয়েছেন, যার মধ্যে ১ লাখ ১৫ হাজার জন নিয়োগপ্রাপ্ত। তাদের এই বাহিনীতে প্রায় ৪০০ যুদ্ধ ট্যাঙ্ক, ১ হাজার ২০০টিরও বেশি সাঁজোয়া যান এবং প্রায় ২ হাজার ৬০০ আর্টিলারি অস্ত্র রয়েছে। থাইল্যান্ডের সেনাবাহিনীর নিজস্ব বিমানবহরও রয়েছে, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা ব্ল্যাক হক হেলিকপ্টার, মনুষ্যবিহীন ড্রোন এবং যাত্রীবাহী বিমানও অন্তর্ভুক্ত।
বিমানবাহিনী
কম্বোডিয়া:
কম্বোডিয়ার বিমানবাহিনীর সদস্য সংখ্যা মাত্র দেড় হাজার। তাদের বিমানবাহিনীতে ১০টি পরিবহন বিমান এবং ১০টি পরিবহন উড়োজাহাজের একটি ছোট বহর আছে। কম্বোডিয়ার বিমানবাহিনীর কাছে কোনো যুদ্ধবিমান নেই, তবে ১৬টি বহুমুখী অভিযান পরিচালনাকারী উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ছয়টি সোভিয়েত যুগের এমআই-১৭ এবং ১০টি চীনা জেড-৯এস।
থাইল্যান্ড:
থাইল্যান্ডের বিমানবাহিনীকে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম সজ্জিত ও প্রশিক্ষিত বাহিনী হিসেবে গণ্য করা হয়। এই বাহিনীতে প্রায় ৪৬ হাজার সদস্য এবং ১১২টি কমব্যাট বিমান রয়েছে। এর মধ্যে ২৮টি এফ-১৬ এবং ১১টি সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমান উল্লেখযোগ্য। এছাড়াও তাদের বহরে প্রায় এক ডজন উড়োজাহাজ আছে।
নৌবাহিনী
কম্বোডিয়া:
কম্বোডিয়ার নৌবাহিনীতে প্রায় ২ হাজার ৮০০ সদস্য রয়েছেন, যার মধ্যে ১ হাজার ৫০০ নৌ পদাতিক সৈন্য। এছাড়া তাদের ১৩টি টহল ও উপকূলীয় যুদ্ধজাহাজ এবং একটি উভচর অবতরণ জাহাজ রয়েছে।
থাইল্যান্ড:
থাইল্যান্ডের নৌবাহিনী তুলনামূলকভাবে অনেক বড়। এই বাহিনীর সদস্য সংখ্যা প্রায় ৭০ হাজার, যার মধ্যে নৌ-বিমান ইউনিট, মেরিন, উপকূলরক্ষী বাহিনী এবং নিয়োগপ্রাপ্ত সদস্যরা রয়েছেন। থাই নৌবহরে একটি বিমানবাহী রণতরী, সাতটি ফ্রিগেট, ৬৮টি টহল ও উপকূলীয় যুদ্ধজাহাজ আছে। এছাড়াও থাই নৌবহরে বেশ কয়েকটি উভচর এবং অবতরণকারী জাহাজ রয়েছে, যা শত শত সৈন্য এবং ১৪টি ছোট অবতরণকারী বিমান ধারণ করতে সক্ষম। দেশটির নৌবিমান ইউনিটের নিজস্ব উড়োজাহাজ ও ড্রোনের বহর রয়েছে। মেরিন কোরে ২৩ হাজার সদস্য আছেন এবং এই কোরের নিয়ন্ত্রণে প্রায় এক ডজন সশস্ত্র যুদ্ধযান রয়েছে।