মাঝ আকাশ থেকে উধাও যাত্রীবাহী বিমান! কোথায় গেল? বাড়ছে রহস্য

মাঝ আকাশ থেকে উধাও হয়ে গেল রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান। রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বিমানটি কোথায় রয়েছে, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। বিমানটিতে ৪৩ জন যাত্রী এবং ৭ জন পাইলট ও ক্রু-সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে খবর, সাইবেরিয়ার একটি এয়ারলাইন্সের এই বিমানটি ছিল অ্যানটোনভ এএন-২৪ মডেলের। এটি চিনের সীমান্ত লাগোয়া টাইন্ডায় যাওয়ার জন্য উড়েছিল। বিমানটি রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর প্রদেশে প্রবেশ করার পরই হঠাৎ করে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। গন্তব্য থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে থাকতেই এই ঘটনা ঘটে।
এই ঘটনাকে কেন্দ্র করে নানা জল্পনা শুরু হয়েছে। বিমানটি ভেঙে পড়েছে নাকি অন্য কোথাও জরুরি অবতরণ করেছে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। স্থানীয় গভর্নর ভাসিলি ওরলভ জানিয়েছেন, বিমানটিতে ৫ জন শিশু-সহ মোট ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু-সদস্য ছিলেন। তিনি বলেন, নিখোঁজ হয়ে যাওয়া বিমানটি খুঁজে বের করতে ইতিমধ্যেই উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ বিমানটির অবস্থান জানতে এবং যাত্রীদের সুরক্ষার বিষয়ে নিশ্চিত হতে জোর চেষ্টা চালাচ্ছে।