হঠাৎ করে সুন্দরবনের আকাশে অদ্ভুত দৃশ্য! যা দেখে উৎসাহিত স্কুলের পড়ুয়ারা, কি এমন দেখা গেল?

মঙ্গলবার সকালে এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হল সুন্দরবনের উপকূল এলাকার বাসিন্দারা। বেলা পৌনে ১১টা নাগাদ হঠাৎই আকাশে সূর্যের চারপাশে একটি উজ্জ্বল বৃত্তাকার বলয় দেখা যায়, যা প্রায় ১০ মিনিট ধরে স্থায়ী ছিল। এই অভাবনীয় দৃশ্য দেখে এলাকার বাসিন্দারা এবং বিশেষ করে স্কুলের কচিকাঁচারা উচ্ছ্বসিত হয়ে ওঠে।
বকুলতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল সামন্ত জানান, তিনি স্কুলে আসার সময় দেখেন যে সমস্ত পড়ুয়ারা কৌতুহল নিয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। তিনি কাছে গেলে তারা শিক্ষককে বলে, “স্যার, দেখুন-দেখুন আকাশে কী!” তখন তিনি ছাত্রদের বুঝিয়ে বলেন যে এটি একটি ‘সূর্য বলয়’। তিনি বলেন, “আমাদের সৌভাগ্য যে অনেক দিন পর এমন একটি সুন্দর দৃশ্য দেখতে পেলাম।” প্রাকৃতিক দুর্যোগ কেটে যাওয়ার পর রখরখরে রোদ ঝলমলে আকাশের বুকে এই সূর্য বলয় দেখা দেওয়ায় এলাকা জুড়ে এক ধরনের আলোড়ন ছড়িয়েছে।
সূর্য বলয় কী এবং কেন দেখা যায়?
সূর্য বলয় বা ‘হালো’ (Halo) হলো সূর্যের চারপাশে ২২ ডিগ্রি কোণে তৈরি হওয়া একটি বৃত্তাকার বলয়। এটি কোনো সাধারণ ঘটনা নয়। বায়ুমণ্ডলের উপরের স্তরে যখন সূর্যের আলো সেখানকার বরফের কণার মধ্য দিয়ে প্রতিফলিত ও প্রতিসারিত হয়, তখন এই ধরনের বর্ণিল বৃত্ত তৈরি হয়। এই বরফের কণাগুলো সাধারণত মেঘের মধ্যে থাকে। এই প্রাকৃতিক ঘটনাটি সাধারণত ঠান্ডা আবহাওয়া বা উচ্চ উচ্চতায় দেখা যায়।
সুন্দরবনের আকাশে এই বিরল দৃশ্য দেখার পর এলাকার মানুষজন এবং ছাত্রছাত্রীরা দারুণ আনন্দিত। এই ধরনের প্রাকৃতিক ঘটনা তাদের মনে এক ভিন্ন ধরনের কৌতূহল ও উদ্দীপনা তৈরি করেছে।