বক্স অফিস কাঁপাচ্ছে আহানের ছবি, ছেলের প্রশংসার মাঝেই আবেগঘন পোস্ট মা ডিয়েন পান্ডের!

বলিউড অভিনেতা চানকি পান্ডে-র ভাইপো আহান পান্ডে আজকাল সোশ্যাল মিডিয়ায় দারুণ ট্রেন্ডিং। তাঁর প্রথম ছবি ‘সায়ারা’ বক্স অফিসে অভাবনীয় সাফল্য পেয়েছে, যা ইতিমধ্যে ১৫০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। ছেলের এই সাফল্যের মাঝে আবেগঘন হয়ে একটি পোস্ট করেছেন আহানের মা ডিয়েন পান্ডে।
ডিয়েন পান্ডে তাঁর পোস্টে আহানের শৈশব থেকে বর্তমান পর্যন্ত অনেক ছবি শেয়ার করেছেন। ছবিগুলির মধ্যে আহানের জন্মের মুহূর্ত থেকে শুরু করে তার বেড়ে ওঠার নানা স্মৃতি ধরা পড়েছে। এই ছবিগুলির সঙ্গে ডিয়েন লিখেছেন, “তুমি যখন ছোট ছিলে তখন তুমি সবসময় তারার দিকে ইঙ্গিত করতে, আমি কখনই বুঝতাম না কেন?” তিনি আরও বলেন, যজ্ঞ হলে তার আগুনে কাঠ-ঘি দেওয়ার জন্য আহান বায়না জুড়তেন এবং ঠাকুমাকে প্রসাদ খাওয়াতে খুব ভালোবাসতেন।
ডিয়েন তাঁর পোস্টে উল্লেখ করেছেন যে, আহান নির্ধারিত সময়ের ৪০ দিন আগেই জন্মগ্রহণ করেছিলেন। তিনি লেখেন, “তুমি সময়ের আগে জন্মগ্রহণ করেছ, তুমি ৪০ দিন আগে জন্মগ্রহণ করেছ, এত দিন ছোট ছিলে, কিন্তু এত তাড়াতাড়ি একটি সুন্দর শিশুতে পরিণত হয়েছিলে। তুমি তোমার দাদুর বাবার কোলে থাকতে পছন্দ করতে। ছোটবেলা থেকেই গুরুজনদের প্রতি তোমার সরলতা, দয়া ও শ্রদ্ধা ছিল।”
View this post on Instagram
ছেলের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তায় ডিয়েন লিখেছেন, “পৃথিবী তোমার জন্য যাই নিয়ে আসুক না কেন, চিরকাল এভাবেই থেকো। পরিস্থিতি যাই হোক না কেন, স্থির থাকো এবং সদয় থেকো। ঈশ্বর তোমার মঙ্গল করুন। আমরা খুব ভাগ্যবান যে তুমি আমাদের কাছে জন্মেছ।”
আহানের মা-এর এই পোস্টটি নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে এবং অনেকেই নতুন অভিনেতাকে তাঁর সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।