শিগ্রই DA বেড়ে হতে পারে ৫৯%, সরকারি কর্মচারীদের জন্য আসছে বড় খবর!

২০২৫ সালের জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসতে চলেছে। অষ্টম বেতন কমিশনের ঘোষণা না হলেও, সপ্তম কমিশনের অধীনেই আরও এক দফা মহার্ঘ্য ভাতা (ডিএ) বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। সাম্প্রতিক মূল্যস্ফীতির (CPI-IW) পরিসংখ্যানের ভিত্তিতে মনে করা হচ্ছে, এই ভাতা ৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, বছরে দুইবার—জানুয়ারি ও জুলাই মাসে—ডিএ বৃদ্ধি করা হয়ে থাকে। যদিও তা কার্যকর হয় সংশ্লিষ্ট মাসের শুরু থেকে, ঘোষণা আসে এক-দু’মাস পর। চলতি বছরের প্রথম দফা বৃদ্ধি ইতিমধ্যেই কার্যকর হয়েছে। দ্বিতীয় দফার ঘোষণা হওয়ার কথা সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। সেই সময়ই জুলাই থেকে প্রযোজ্য ডিএ-র সংশোধিত হার ও বকেয়া বেতন দেওয়া হবে।
কতটা বাড়বে ডিএ?
বিশেষজ্ঞদের অনুমান, যদি জুন পর্যন্ত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত থাকে বা সামান্য বৃদ্ধি পায়, তাহলে ডিএ ৪ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। বর্তমানে ডিএ যেখানে ৫৪ শতাংশ, তা বেড়ে গিয়ে ৫৮ বা ৫৯ শতাংশে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার অনুমোদনের পরই আসবে।
বেতনে কতটা প্রভাব পড়বে?
যদি ৪ শতাংশ ডিএ বৃদ্ধি হয়, তাহলে একজন প্রাথমিক স্তরের কর্মচারী যাঁর মূল বেতন ১৮,০০০ টাকা, তাঁর বেতন প্রতি মাসে প্রায় ৭২০ টাকা পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে, যাঁদের বেতন তুলনামূলক বেশি, তাঁদের বৃদ্ধির অঙ্কও ততটাই উল্লেখযোগ্য হবে। ডিএ বৃদ্ধির ফলে কর্মচারীদের মোট মাসিক বেতন কিছুটা বাড়বে, যা মূল্যস্ফীতির প্রভাব কিছুটা হলেও প্রশমিত করবে।
অষ্টম বেতন কমিশন নিয়ে কি বলছে সরকার?
কর্মচারীদের বহু প্রতীক্ষিত অষ্টম বেতন কমিশন সংক্রান্ত আলোচনা এখনো চলছে। সংসদে দেওয়া এক প্রশ্নের উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি জানিয়েছেন, বিষয়টি প্রক্রিয়াধীন। গুরুত্বপূর্ণ মন্ত্রক ও রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ নেওয়া হচ্ছে। কমিশন গঠনের পরে তার চেয়ারপার্সন ও সদস্যদের নিয়োগ করা হবে।
ডিএ বৃদ্ধির সম্ভাবনা যতই আশাজনক হোক না কেন, কর্মচারীদের নজর এখন অষ্টম বেতন কমিশনের ঘোষণার দিকেই। সেই ঘোষণায় যদি বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা যুক্ত হয়, তবে আগামী দিনে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য এটি আরেক বড় আর্থিক স্বস্তির কারণ হতে পারে।