বিশ্বের দরবার শীর্ষে ভারতের UPI, পিছনে ফেলে দিলো আমেরিকার Visa-কে

ভারতের নিজস্ব উদ্ভাবন রিয়েল-টাইম পেমেন্ট টেকনোলজি ইউপিআই (UPI) বিশ্ব দরবারে শীর্ষস্থান অধিকার করে এক ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেছে। ইন্টারন্যাশনাল মানিটরি ফান্ড (IMF)-এর সাম্প্রতিক ‘Growing Retail Digital Payments’ শীর্ষক রিপোর্ট অনুযায়ী, ভিসা-কে পেছনে ফেলে রিয়েল-টাইম পেমেন্টের নিরিখে ইউপিআই বিশ্বে এক নম্বরে উঠে এসেছে। এই রিপোর্ট আরও জানাচ্ছে, ভারতের মোট ডিজিটাল পেমেন্টের ৮৫ শতাংশই হয় ইউপিআই-এর মাধ্যমে, এবং বিশ্বের মোট ডিজিটাল পেমেন্টের প্রায় ৬০ শতাংশ এখন ইউপিআই দ্বারাই সম্পন্ন হচ্ছে।
আইএমএফ-এর রিপোর্ট অনুযায়ী, ইউপিআই-তে প্রতিদিন গড়ে ৬৪ কোটি লেনদেন হয়, যা ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে এক নতুন রেকর্ড। শুধু গত জুন মাসেই ইউপিআই-এর মাধ্যমে প্রায় ২৪ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে। গত বছরের একই মাসের তুলনায় চলতি বছরে ইউপিআই লেনদেনের পরিমাণ ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা এর দ্রুত জনপ্রিয়তা এবং বিস্তারের প্রমাণ।
দৈনিক লেনদেনের নিরিখে ভারতের ইউপিআই বিশ্বখ্যাত ভিসা পেমেন্ট নেটওয়ার্ককেও ছাপিয়ে গেছে। যেখানে ইউপিআই-তে দিনে ৬৪ কোটি লেনদেন হয়, সেখানে ভিসা-তে দৈনিক লেনদেনের পরিমাণ ৬৩.৯ কোটি। মাত্র ৯ বছরের মধ্যেই ইউপিআই-এর এই বিশাল সাফল্যকে বিশেষজ্ঞরা এক বড় অর্জন বলে মনে করছেন।
ইউপিআই এখন আর শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই। এর জনপ্রিয়তা দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহি, সিঙ্গাপুর, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, ফ্রান্স এবং মরিশাস সহ অন্তত ৭টি দেশে ইউপিআই ব্যবহারের সুবিধা চালু হয়েছে। এই আন্তর্জাতিক বিস্তার ইউপিআই-এর কার্যকারিতা এবং বৈশ্বিক গ্রহণযোগ্যতার প্রমাণ বহন করছে।
ইউপিআই প্ল্যাটফর্মটি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) দ্বারা পরিচালিত হয় এবং এটি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ফিনটেক অ্যাপকে একটি একক ছাতার তলায় নিয়ে আসে। এর ফলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো অ্যাপ বেছে নিতে পারেন এবং সহজে, দ্রুত ও সুরক্ষিতভাবে ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে পারেন। এই যুগান্তকারী উদ্ভাবন ভারতের ডিজিটাল অর্থনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং বিশ্বব্যাপী ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।