চক্ষু চড়কগাছ! সিনেমার মতো উড়ন্ত গাড়ি ঢুকে গেল দোতলার দেওয়ালে, তারপর যা হলো?

সিনেমার পর্দায় যা দেখে অভ্যস্ত, বাস্তবেও যে এমনটা হতে পারে, তা এবার প্রমাণ করে দেখাল জার্মানির বোমতে শহরের এক অবিশ্বাস্য দুর্ঘটনা! একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পার্ক করা গাড়িতে ধাক্কা, তারপর বাগানে বালককে আঘাত করে শূন্যে উঠে সোজা ঢুকে গেল এক বাড়ির দোতলার ছাদে! ছাদ লাগোয়া দেওয়ালে অর্ধেক ঢুকে ভাঙাচোরা অবস্থায় ঝুলতে থাকা গাড়িটি দেখে প্রাথমিক হতভম্ব ভাব কাটিয়ে হইচই শুরু হয়ে যায়।

ঘটনার সূত্রপাত, যখন একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা দিয়ে ছুটে যাচ্ছিল। প্রথমে তা রাস্তার ধারে পার্ক করা একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে। তারপর এক তীব্র বাঁক নিয়ে ঢুকে পড়ে পাশের একটি সাজানো বাগানে। সেখানে খেলা করছিল এক নিষ্পাপ বালক, তাকেও ধাক্কা মারে গাড়িটি। সেখানেই শেষ নয় এই তাণ্ডব! গতিতে থাকা গাড়িটি এরপর আরও এগিয়ে একটি এবড়োখেবড়ো মাটির ওপর দিয়ে চলতে শুরু করে।

এরপর যা ঘটল, তা বিশ্বাস করা কঠিন। আচমকা গাড়িটি শূন্যে উড়ে গিয়ে ঢুকে যায় কাছের একটি বাড়ির দোতলার ছাদ লাগোয়া দেওয়ালে। সেখানে গাড়িটি দেওয়াল ভেঙে অর্ধেক ঢুকে যায়, বাকি অর্ধেক অদ্ভুতভাবে বাইরে ঝুলতে থাকে। ত্রিকোণের মতো টালির চালের সঙ্গে গাড়ির এমন সংযুক্ত দৃশ্য দেখে বিস্ময়ে চোখ কপালে উঠেছে সবার।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল। দমকলকর্মীরা মই বেয়ে ছাদের কাছে পৌঁছে গাড়িটি নিচে নামানোর চেষ্টা শুরু করেন। এই ঘটনায় বাগানে ধাক্কা খাওয়া বালক সহ ২ জন আহত হয়েছেন।

তদন্তকারীরা এখন চুলচেরা বিশ্লেষণ করছেন, কীভাবে অতি গতিতে থাকা গাড়িটি এতটা উড়ে প্রায় ১০ ফুট উচ্চতায় ছাদের কাছে পৌঁছে গেল। জার্মানির একটি স্থানীয় দুর্ঘটনা হলেও, রাস্তা থেকে গাড়ি উড়ে ছাদে পৌঁছে যাওয়ার মতো এই আশ্চর্য কাণ্ড বিশ্বজুড়ে সংবাদের শিরোনামে পরিণত হয়েছে। এই ঘটনা দেখে অনেকেই বলছেন, এ তো বাস্তব জীবনের ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’!