মঙ্গলের সকালেই মারাত্মক দুর্ঘটনা! লরি-কনটেইনারের মুখোমুখি ধাক্কায় আহত ৩,বন্ধ রাস্তা

মঙ্গলবার সাত সকালেই এক মারাত্মক দুর্ঘটনা ঘটল খড়িবাড়ির ৩২৭ নং জাতীয় সড়কে। বাতাসীর এলাকায় একটি লরি ও কনটেইনারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার জেরে শিলিগুড়ি-বিহার পথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

স্থানীয় সূত্রে খবর, একটি লরি শিলিগুড়ি থেকে বিহারের দিকে যাচ্ছিল, এবং উল্টো দিক থেকে একটি কনটেইনার শিলিগুড়ির দিকে আসছিল। জাতীয় সড়কের বেহাল দশার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে দুটি ভারী যানের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষ ঘটে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

আহত তিনজনের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য একজন খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ। ভোরবেলাতেই দমকলের একটি ইঞ্জিনও আসে উদ্ধার কাজে। সড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানগুলি সরাতে তিনটি ক্রেনের সাহায্য নেওয়া হচ্ছে। এই উদ্ধার অভিযানের কারণে বিহার ও শিলিগুড়ির মধ্যে সমস্ত যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে, যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকার রাস্তা অত্যন্ত খারাপ, যার কারণে প্রায়শই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন।