বক্সঅফিসে দাপট দেখাচ্ছে ‘সাইয়ারা’! ৪ দিনেই ১০০ কোটির দোরগোড়ায় আহানের ছবি

মোহিত সুরি পরিচালিত রোমান্টিক ছবি ‘সাইয়ারা’ মুক্তির পর থেকেই বক্স অফিসে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। নতুন অভিনেতা আহান পান্ডেকে বড় পর্দায় দেখার জন্য দর্শক এবং সমালোচকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। গত ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই ছবিটি অসাধারণ ব্যবসা করছে। এবার ‘সাইয়ারা’র চতুর্থ দিনের অর্থাৎ সোমবারের প্রাথমিক বক্স অফিস কালেকশনের পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে, যা শুনে অবাক হবেন অনেকেই।

যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ‘সাইয়ারা’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আহান পান্ডে এবং অনীত পাড্ডা। মুক্তির প্রথম দিন থেকেই ছবিটি দারুণ চমক দেখিয়েছে। আহান ও অনীতের রসায়নে মুগ্ধ দর্শকরা এবং সমালোচকদের পাশাপাশি তারকারাও ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন।

চলুন দেখে নেওয়া যাক, মুক্তির পর ‘সাইয়ারা’র বক্স অফিস আয়:

প্রথম দিন (শুক্রবার): ২১ কোটি টাকা

দ্বিতীয় দিন (শনিবার): ২৬ কোটি টাকা (প্রথম দিনের রেকর্ড ভেঙেছে)

তৃতীয় দিন (রবিবার): ৩৫.৭৫ কোটি টাকা

চতুর্থ দিন (সোমবার, প্রাথমিক): ১৬.৩৫ কোটি টাকা (এই খবর লেখার সময় পর্যন্ত সচনিল্কের প্রতিবেদন অনুসারে)

এই প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, ‘সাইয়ারা’ এখনও পর্যন্ত মোট ৯৯.৬০ কোটি টাকা আয় করেছে। ছবির আয়ের গতি দেখে মনে করা হচ্ছে, আগামীকালই ছবিটি ১০০ কোটির মাইলফলক অতিক্রম করে যাবে।

চলতি বছরে ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ প্রায় ৬০০ কোটি টাকা আয় করে বক্স অফিসে রেকর্ড গড়েছে। এমন পরিস্থিতিতে, ‘সাইয়ারা’ ‘ছাবা’র কাছাকাছি পৌঁছাতে পারে কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য, এই বছর মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে ‘ছাবা’ই একমাত্র ছবি যা প্রথম সোমবার ২৪ কোটি টাকার ব্যবসা করেছিল। ‘সাইয়ারা’ কি ‘ছাবা’র এই রেকর্ড ভাঙতে পারবে, তা আগামীকাল চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশিত হওয়ার পরই জানা যাবে।