ঢাকার দিয়াবাড়িতে বিমান বিপর্যয়! মৃতের সংখ্যা বেড়ে ২৭, আহতের সংখ্যা ১৭২

ভারতের আহমেদাবাদ বিমান বিপর্যয়ের এক মর্মান্তিক পুনরাবৃত্তি ঘটল বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায়। গতকাল সোমবার দুপুর ১টা নাগাদ উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এই ভয়াবহ ঘটনায় আজ মঙ্গলবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জন, এবং আহতের সংখ্যা ১৭২।
দুর্ঘটনার সময় স্কুলটিতে ক্লাস চলছিল। চীনা নির্মিত এফটি-৭ বিজিআই মডেলের বিমানটি আবাসিক এলাকায় অবস্থিত স্কুল ভবনের উপর ভেঙে পড়তেই এক মর্মান্তিক দৃশ্যের অবতারণা হয়। দাউদাউ করে জ্বলতে শুরু করে স্কুল ভবনের একাংশ, মুহুর্তে ঝলসে যায় অসংখ্য পড়ুয়া। গোটা চত্বর আর্তনাদ আর ধ্বংসস্তূপে পরিণত হয়।
আহত পড়ুয়ারা ঘটনার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে জানিয়েছে, বিমানটি ভেঙে পড়ার সময় স্কুলের বিল্ডিংগুলো প্রচণ্ডভাবে কাঁপছিল এবং একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জীবন বাঁচাতে তারা নিরাপদ আশ্রয়ের জন্য মরিয়া হয়ে দৌড়াতে শুরু করে।
বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিধ্বস্ত এফটি-৭ বিজিআই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। বিমানটিকে তুলনামূলক কম জনবহুল এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি স্কুল ও কলেজ ক্যাম্পাসে ভেঙে পড়ে।
এই মর্মান্তিক ঘটনায় আজ মঙ্গলবার সারাদেশে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের প্রতিটা প্রান্তে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে। পুরো দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানো হচ্ছে।