ঘাটালে প্রবল বন্যা হওয়া সত্ত্বেও কেন দেব সেখানে গেলেন না? “ওর পদত্যাগ করা উচিত”- দাবি দিলীপের

লোকসভা সাংসদ দেবের রাজনৈতিক ভূমিকা এবং ঘাটাল বন্যা পরিস্থিতি নিয়ে তাঁর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সোমবার ধর্মতলায় তৃণমূলের মঞ্চে উপস্থিত থাকলেও দেবের তেমন সক্রিয়তা চোখে পড়েনি। জানা গিয়েছে, স্কটল্যান্ডে শুটিং সেরে সরাসরি ওই সভায় যোগ দেন তিনি। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই দেবের কাজ এবং রাজনৈতিক অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ।
গতকাল খড়্গপুরে একটি জনসভায় যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। এরপর মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরাসরি দেবের সমালোচনা করেন। দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন, “ঘাটালের মানুষ যখন ভয়াবহ বন্যায় বিপর্যস্ত, তখন তাঁদের নির্বাচিত সাংসদ দেব একবারও এলাকায় গেলেন না কেন?” তাঁর দাবি, এই পরিস্থিতিতে দেবের পদত্যাগ করা উচিত।
উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনের আগে দেব রাজনীতি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছিলেন এবং ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত না হওয়ায় হতাশা প্রকাশ করেছিলেন। এরপর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দেবের পাশে দাঁড়িয়ে আশ্বাস দিয়েছিলেন যে কেন্দ্রের উপর ভরসা না রেখে রাজ্য সরকারই ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করবে। তা সত্ত্বেও দেব কেন ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেলেন না, সেই প্রশ্নই তুলেছেন দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ আরও বলেন, “দেব ভালো ছেলে। কিন্তু এরকম ভালো ছেলে, কী হবে! যে ছেলে কোনো কাজে নেই। কার চাপে সে রাজনীতি করছে? কেন বারে বারে দাঁড়িয়ে ঘাটালের লোককে ধোঁকা দিচ্ছে? দম থাকলে রিজাইন করে দেখাও। মেদিনীপুরের লোকদের মেরুদণ্ড থাকে, তারা চামচাগিরি করে না।”
বিজেপি নেতার দাবি, দেবকে নাকি ব্ল্যাকমেইল করা হচ্ছে। তাঁকে বলা হচ্ছে যে ভোটে না দাঁড়ালে তাঁর সিনেমা এবং প্রোডাকশন বন্ধ করে দেওয়া হবে। এই কারণেই দেবকে ভোটে দাঁড়াতে হচ্ছে বলেও মন্তব্য করেন দিলীপ। এমনকি গরু পাচার মামলায় দেবকে ইডি দফতরে তলব করাটাকেও তৃণমূলের ষড়যন্ত্র বলে আখ্যা দেন দিলীপ ঘোষ। দেবকে উদ্দেশ্য করে তিনি বলেন, “চোরদের কাছে মাথানত করো না।”
এই অভিযোগ এবং মন্তব্যের বিষয়ে তৃণমূল সাংসদ দেবের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।