পরপর সভাস্থলে ঢুকছে অ্যাম্বুলেন্স, অসুস্থ হয়ে পড়লেন কীর্তি আজাদ, মদন মিত্র!

তৃণমূলের একুশে জুলাইয়ের মহাসমাবেশ চলাকালীনই তীব্র গরমের জেরে অসুস্থ হয়ে পড়লেন একাধিক রাজনৈতিক নেতা। প্রচণ্ড তাপপ্রবাহ এবং উচ্চ আর্দ্রতার কারণে ধর্মতলার সভাস্থলে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন, যাঁদের মধ্যে বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ অচৈতন্য হয়ে পড়েন।

দুপুর দেড়টার কিছু পরেই সভাস্থলে বক্তৃতা রাখছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ঠিক আগেই বক্তব্য শেষ করেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমন সময়েই আচমকা অচৈতন্য হয়ে পড়েন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য সভাস্থলের বাইরে আনা অ্যাম্বুলেন্সে তোলা হয়। অ্যাম্বুলেন্সের ভিতরে সাংসদ মহুয়া মৈত্রকেও দেখা যায়, যিনি অসুস্থ কীর্তি আজাদের সঙ্গে ছিলেন।

এর কিছুক্ষণ আগেই দুপুর দেড়টার পর সভাস্থল ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় সাংসদ শতাব্দী রায়কে। প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি ভীষণ অসুস্থ বোধ করছেন। তবে এরপর থেকেই প্রচণ্ড গরমে একে একে অনেকেই অসুস্থ হতে শুরু করেন। অসুস্থ হয়ে পড়েন মদন মিত্রও।

আজ সকাল থেকেই কলকাতার আবহাওয়া ছিল অত্যন্ত প্রতিকূল। প্রচণ্ড রোদ ছিল এবং বাতাসে আপেক্ষিত আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। এই উচ্চ আর্দ্রতার কারণে ঘামও হচ্ছিল প্রচণ্ড। এই প্রতিবেদন যখন পরিবেশন করা হচ্ছে, সে মুহূর্তে পরপর সভাস্থলে ঢুকছে অ্যাম্বুলেন্স এবং অসুস্থদের অ্যাম্বুলেন্সে করে দ্রুত বাইরে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য।

একুশের সমাবেশ ঘিরে কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে থাকলেও, তীব্র গরমের এই পরিস্থিতি অসুস্থতার কারণ হয়ে দাঁড়িয়েছে। সভাস্থলে পর্যাপ্ত জলের ব্যবস্থা থাকলেও, আর্দ্রতা জনিত গরমে অনেকেই অস্বস্তিতে পড়েছেন।