জলমগ্ন ঘাটাল থেকে নৌকায় ধর্মতলা…! তৃণমূল কর্মীদের অদম্য যাত্রা, চমকে দিল সকলকে

প্রবল বন্যায় যখন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভার একাধিক ওয়ার্ড ও গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, তখন সেই প্লাবিত এলাকা পেরিয়ে নৌকা ও ডিঙ্গি চড়ে ২১শে জুলাইয়ের ধর্মতলার শহীদ সমাবেশ অভিমুখে রওনা দিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজ্য নেতৃত্বের বক্তব্য শুনতে তাঁদের এই অদম্য যাত্রা এক ভিন্ন বার্তা বহন করছে।
ঘাটাল পৌরসভা ১ ও ২ নম্বর ওয়ার্ড সহ অন্যান্য একাধিক ওয়ার্ড এখনো বন্যার জলে ডুবে রয়েছে, যদিও বন্যার জল কিছুটা ধীরগতিতে কমছে। এর মধ্যেই তৃণমূল কর্মীরা নিজেদের বাড়ি থেকে নৌকা ও ডিঙ্গি চড়ে ঘাটালের আড়গোড়া এলাকায় এসে বাসে উঠছেন এবং সেখান থেকে কলকাতার দিকে রওনা দিচ্ছেন। একই সঙ্গে, বন্যা কবলিত মনশুকা এলাকা থেকে কর্মীরা নৌকায় করে ঝুমি নদী পেরিয়ে মূল সড়ক ধরে ধর্মতলার উদ্দেশ্যে যাত্রা করছেন।
আরও পড়ুন: ইতালির ভেনিস, বাংলার ঘাটাল, বড্ড মিল…! বাড়িতে বাড়িতে রয়েছে এই যান, জানেন কী? জানলে অবাক হবেন
সকাল থেকেই ধর্মতলায় জনসমুদ্রের সৃষ্টি হয়েছে। জেলা থেকে বুথ স্তরের কর্মীরাও নেত্রীর ভাষণ শুনতে ভিড় করেছেন। অভিনেতা ও সাংসদ দীপক অধিকারী (দেব)-এর গড় ঘাটাল থেকেও কর্মীরা জলের বাধা পেরিয়ে ধর্মতলায় পৌঁছাচ্ছেন, যা এই সমাবেশের প্রতি তাঁদের অঙ্গীকারের প্রমাণ।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃণমূলের শেষ শহীদ সমাবেশ। তাই দলের কর্মী-সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বন্যা পরিস্থিতির কারণে কিছুটা বিলম্ব হলেও, কর্মীরা নেত্রীর বক্তব্য শোনার জন্য এতটাই আগ্রহী যে, তারা বন্যার জল পেরিয়েও বাসে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজকের এই ধর্মতলার শহীদ সমাবেশ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের জন্য কী বার্তা দেন, সেদিকেই সবার নজর।