‘কেউ বাঁচবে না’, দিল্লির ২৩টি স্কুলে ‘বোমাতঙ্ক’! কাঠগড়ায় সরকারের নিরাপত্তা, আতঙ্কে রাজধানী

শুক্রবার সকালে ফের বোমা হামলার হুমকিতে কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লি। একযোগে ২৩টি স্কুলে ই-মেলের মাধ্যমে পাঠানো হয়েছে ভয়াবহ বার্তা – “এই পৃথিবী থেকে তোদের সবাইকে মুছে দেব। কেউ বাঁচবে না।” এই বার্তার পর দ্রুত স্কুল খালি করে দেওয়া হয় এবং ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বোম্ব স্কোয়াড। অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চার দিনের ধারাবাহিক হুমকি
শুধু শুক্রবারই নয়, গত তিন দিন ধরে – সোম, মঙ্গল ও বুধবার – দিল্লির বিভিন্ন স্কুলেও একই ধরনের ই-মেল (Bomb Threat) এসেছে। মঙ্গলবার সেন্ট স্টিফেনস কলেজ চত্বর থেকে চারটি দেশি বিস্ফোরক ও দুটি আরডিএক্স প্যাকেট উদ্ধার হয়, যা দুপুর ২টায় বিস্ফোরণের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে পুলিশ জানায়। বিস্ফোরকগুলো কলেজের লাইব্রেরি ও অন্যান্য জায়গা থেকে পাওয়া যায়।
আজ যে স্কুলগুলোতে হুমকি (Bomb Threat) এসেছে, তার মধ্যে রয়েছে সেন্ট জেভিয়ার্স, রিচমন্ড গ্লোবাল, অভিনব পাবলিক এবং সোভেরেইন স্কুল। শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং ক্লাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। উদ্বিগ্ন অভিভাবকরাও স্কুলে ছুটে আসেন।
সরকারের দিকে আঙ্গুল তুলছে বিরোধীরা
এই ঘটনার পর দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেন, “আজ একসঙ্গে ২০টির বেশি স্কুলে বোমা রাখার হুমকি এসেছে! ভাবুন, অভিভাবক ও পড়ুয়াদের মনের ভিতর দিয়ে কী যাচ্ছে। দিল্লিতে ৪ ইঞ্জিনের বিজেপি সরকার চলছে, কিন্তু তারা বাচ্চাদের নিরাপত্তা দিতে পারছে না।” তাঁর এই মন্তব্য নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছে।
মানসিক বিকারগ্রস্ত ব্যক্তির কাজ?
হুমকির ই-মেলের ভাষা থেকে প্রেরকের মানসিক অবস্থার অস্থিরতা স্পষ্ট। ই-মেলে লেখা আছে, “আমি নিজেকেও শেষ করে দেব।” পুলিশের প্রাথমিক অনুমান, মানসিকভাবে বিপর্যস্ত কোনো ব্যক্তিই এই ই-মেলগুলো পাঠাচ্ছে। সাইবার সেলকে এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে, তবে রাজধানীর বুকে এমন লাগাতার হুমকি জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।