মা-বাবাহীন অনাথ শিশুকে লাগাতার ধর্ষণের অভিযোগ বৃদ্ধার বিরুদ্ধে, গ্রেফতার অভিযুক্ত

মা-বাবাহীন এক অনাথ নাবালিকা শিশুকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল ৭২ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারী শরীফ পুলিশ ফাঁড়ির গৌড়দহ এলাকার, যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযুক্তকে আটক করেছে এবং তদন্ত শুরু করেছে।

নির্যাতিতা শিশুটি চতুর্থ শ্রেণির ছাত্রী। প্রায় এক বছর আগে শিশুটির বাবা মারা যান এবং তার মা তাকে ছেড়ে চলে যান। এরপর থেকে সে জীবনতলা থানা এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতেই বড় হচ্ছিল। অভিযোগ, পাড়ার বাসিন্দা ৭২ বছর বয়সী কৃষ্ণপদ মণ্ডল-এর দোকানে মাঝে মাঝেই খাবার কিনতে যেত ওই শিশুটি। এই সুযোগ নিয়েই কৃষ্ণপদ মণ্ডল খাবারের প্রলোভন দেখিয়ে দোকানের মধ্যে দিনের পর দিন শিশুটিকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। এই পাশবিক অত্যাচার প্রায় এক বছর ধরে চলছিল বলে জানা গেছে।

অন্যান্য দিনের মতো বুধবার (১৬ই জুলাই, ২০২৫) সকালেও ওই নাবালিকা কৃষ্ণপদ মণ্ডলের দোকানে যায়। অভিযোগ, এই সময় বৃদ্ধ তাকে একা পেয়ে দোকানের মধ্যে নিয়ে গিয়ে আবারও ধর্ষণ করে। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় নাবালিকার এক আত্মীয় দোকানে উপস্থিত হন। নাবালিকাকে জিজ্ঞাসা করলে প্রথমে সে ভয়ে মুখ খুলতে চায়নি। পরে আত্মীয়দের কাছে সে পুরো ঘটনাটি খুলে বলে।

ইতিমধ্যে, অভিযুক্ত বৃদ্ধ কৃষ্ণপদ মণ্ডল দোকান বন্ধ করে গৌড়দহ স্টেশনে পালিয়ে যায়। খবর চাউর হতেই স্থানীয়রা স্টেশন চত্বরেই বৃদ্ধকে ধরে ফেলেন। অভিযোগ, তাকে মারধরও করা হয়। এরপর গ্রামবাসীরা তাকে ঘুটিয়ারী শরীফ ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেন।

নাবালিকার পরিবার বৃদ্ধের বিরুদ্ধে জীবনতলা থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং নাবালিকা ও অভিযুক্তের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি ধর্ষণের ঘটনা না হয়ে শ্লীলতাহানির ঘটনা হতে পারে। তবে বিস্তারিত তদন্তের পরই প্রকৃত সত্য সামনে আসবে।

এই ঘটনায় এলাকার মানুষ স্তম্ভিত এবং ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।