ফাঁকা বাড়িতে আয়েশ করে চা খেল চোরেরা, তারপরই ৩০ লক্ষ টাকা লুঠ!

ফাঁকা বাড়িতে চুরির ঘটনা নতুন নয়, কিন্তু পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এবার যে ঘটনা ঘটল, তা শুনে চোখ কপালে উঠেছে পুলিশেরও। নিউটাউনশিপ থানার আইটিআই আমবাগান এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে চুরি করতে এসে চোরেরা শুধু নগদ ও সোনার গয়না লুঠ করেই ক্ষান্ত হয়নি, রীতিমতো আয়েশ করে চা বানিয়ে খেয়েছে এবং বাথরুমও ব্যবহার করেছে! ঘটনায় প্রায় ৩০ লক্ষ টাকার সামগ্রী লুঠ হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী প্রীতপাল লুথরা, যার হোটেল ও সোনার দোকান রয়েছে, তিনি সপরিবারে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গত ৯ জুলাই দিল্লিতে গিয়েছিলেন। মঙ্গলবার তিনি বাড়ি ফিরে দেখেন তাঁর নিউটাউনশিপ থানার আইটিআই আমবাগান এলাকার বাড়িটি লন্ডভন্ড। মূল গেট খুলে ভিতরে ঢুকতেই তাঁর চক্ষু চড়কগাছ। ঘরের জিনিসপত্র ছড়ানো ছিটানো, একের পর এক আলমারি খোলা। বাড়ির দোতলা ও তিনতলাতেও একই চিত্র।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউটাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, চোরেরা বাড়ির বাউন্ডারির লোহার জাল সরিয়ে জানালা দিয়ে ভিতরে প্রবেশ করে। এরপর তিনতলা জুড়ে অবাধে তাণ্ডব চালায়। শুধু তাই নয়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, চোরেরা নাকি চা বানিয়ে খেয়েছে এবং বাথরুমও ব্যবহার করেছে। আলমারি ভেঙে নগদ টাকা ও সোনার গয়না লুঠ করে তারা চম্পট দেয়।

বাড়ির কর্তা প্রীতপাল লুথরা জানান, “আমরা কয়েকদিনের জন্য দিল্লিতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি ঘর লন্ডভন্ড। আলমারি ভাঙা। সোনা, টাকা সব নিয়ে গিয়েছে। এমনকি, চোরেরা চা বানিয়ে খেয়েছে, বাথরুম নোংরা করেছে।” তিনি আরও জানান, দিল্লিতে যাওয়ার সময় বাড়ির সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিয়ে গিয়েছিলেন। ফলে ক্যামেরায় কোনও ছবি ধরা পড়েনি চোরেদের। প্রীতপালবাবু মনে করছেন, চোরেরা তাঁদের গতিবিধি সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিল।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং চোরদের দ্রুত ধরতে সবরকম চেষ্টা চালাচ্ছে। এই ধরনের অভিনব চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।