তেলেঙ্গানায় কংগ্রেস নেতা খুন! সড়ক দুর্ঘটনা না পরিকল্পিত খুন? গুলিবিদ্ধ দেহ উদ্ধার!

তেলেঙ্গানার মেডাক জেলায় কংগ্রেসের তফসিলি সেলের নেতা অনিল মারেল্লির রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এটিকে সড়ক দুর্ঘটনা বলে মনে করা হলেও, পরে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হওয়ায় খুনের সন্দেহ জোরালো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, অনিল মারেল্লি মেডাক জেলার পায়তারা গ্রামের বাসিন্দা। গত রবিবার খবর ছড়িয়ে পড়েছিল যে, হায়দরাবাদের গান্ধীভবন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু সেই তত্ত্ব সম্পূর্ণ পাল্টে যায় যখন কোলচারম মন্ডলের ভারিগুন্টাম সাবস্টেশনের কাছ থেকে অনিলের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়।
তদন্তকারীরা জানিয়েছেন, যুবনেতা অনিলের ঘাড়ে দুটি গুলির আঘাত মিলেছে। এছাড়াও তাঁর পিঠে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে বুলেটের খোলও উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, দুর্ঘটনা বলে যে তত্ত্ব খাড়া করা হয়েছিল, তা আসলে বিভ্রান্তি তৈরির জন্যই। তাঁরা আরও জানাচ্ছেন, অনিলকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। যে গাড়িতে তিনি ফিরছিলেন, তার সিটেও রক্তের দাগ পাওয়া গেছে। মৃত নেতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
অনিল মারেল্লির এই খুনের ঘটনায় রাজ্যের একাধিক দলিত নেতা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বেশ কয়েকটি দলিত সংগঠন ঘটনার স্বচ্ছ এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে। পুলিশ কর্তারা সন্দেহ করছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকারীদের সনাক্ত করতে এবং এই হত্যাকাণ্ডের পেছনের আসল উদ্দেশ্য জানতে পুলিশ জোর কদমে তদন্ত চালাচ্ছে। এই রহস্যজনক মৃত্যু ঘিরে মেডাক জেলার রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।