“রাস্তায় ঘুরছিলেন, অসংলগ্ন কথাবার্তা”-বাংলা চ্যানেলের অভিনেত্রীকে বর্ধমানের রাস্তা থেকে উদ্ধার

কালো শার্ট আর শর্টস পরে, ছোট বিনুনি করা চুলে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের রাস্তায় সোমবার এক তরুণীকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়ায়। নিজেকে কলকাতার বেহালার বাসিন্দা এবং এক জনপ্রিয় বাংলা চ্যানেলের অভিনেত্রী বলে দাবি করা এই তরুণী জানান, তিনি বর্তমানে অভিনয় বা নাচ কোনোটাই করেন না, শুধু এখানে-সেখানে ঘুরে বেড়ান এবং আজই বোলপুর থেকে এসেছেন। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে খণ্ডঘোষের আমিলা বাজার থেকে উদ্ধার করে।

এদিন বর্ধমান-আরামবাগ সড়কের সাত নম্বর রাজ্য সড়ক ধরে হেঁটে বেড়াচ্ছিলেন ওই তরুণী। হঠাৎ তুমুল বৃষ্টি শুরু হলে তিনি খণ্ডঘোষ ব্লকের আমিলা বাজারের একটি বিশ্রামাগারের দিকে ছুটে আসেন। বিশ্রামাগারের ভেতরে থাকা কয়েকজন ছেলে জানান, “হঠাৎ দেখি, আমরা যেখানে বসেছিলাম, উনিও এসে বসলেন। কথাবার্তা শুনে কেমন একটা মনে হলো। অসংলগ্ন।”

ওই যুবকদের একজন জানান, তরুণীর হাতে একটি ব্যাগ ছিল, যেখানে একটি খাতায় ফোন নম্বর লেখা ছিল। সেই নম্বরে ফোন করলে একজন গাড়ির চালক ফোন ধরেন। তিনি জানান, এই তরুণী বোলপুরের একটি হোস্টেলে থাকতেন এবং তাঁর আসল বাড়ি বেহালায়।

অভিনেত্রীর দাবি ও অসংলগ্ন কথাবার্তা:
তরুণী নিজেই দাবি করেন যে, তিনি একটি জনপ্রিয় চ্যানেলের জনপ্রিয় সিরিয়ালের অভিনেত্রী ছিলেন। তিনি যে নামটি বলেন, ফেসবুকে সার্চ করে দেখা যায়, প্রোফাইলের নাম ও ছবির সঙ্গে তাঁর চেহারার মিল রয়েছে।

তবে তাঁর কথায় ছিল অসংলগ্নতা। তিনি বলেন, “বাড়ি বেহালায়। তবে অনেক বছর আগে সেই জায়গা ছেড়ে দিয়েছি। মা আছেন বাড়িতে। আর কে আছেন, এই মুহূর্তে আমি ঠিক জানি না। তাই এ সব নিয়ে না কথা বলাই ভালো। এ গুলো খুবই ব্যক্তিগত কথাবার্তা। এখন আমি বোলপুর থেকে এসেছি। এক সময়ে অভিনয়, নাচ করতাম। এখন আমি ফ্রি বার্ড। মাটির টানে আমি এখানে।”

তবে তিনি কী ভাবে বোলপুর থেকে এলেন বা কেন এভাবে রাস্তায় ঘুরছিলেন, সেই সব প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর মেলেনি। খণ্ডঘোষ থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং তরুণীর পরিচয় ও রাস্তার এই অবস্থার কারণ খতিয়ে দেখছে।