অনুব্রতর গড়ে BJP-র জয়জয়কার, একটা আসনও জিততে পারলোনা TMC

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বীরভূমে বিজেপির অভাবনীয় সাফল্য। অনুব্রত মণ্ডলের (কেষ্ট) গড় হিসেবে পরিচিত এই জেলায়, সাঁইথিয়ার ইটাহাট সমবায় সমিতির নির্বাচনে নটি আসনের সবকটিতেই জয় ছিনিয়ে নিয়েছে গেরুয়া শিবির। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস একটিও আসন না পাওয়ায় ব্যাপক সমালোচনা মুখে পড়েছে, এবং বামেরা কোনো দাগ কাটতে পারেনি। বিধানসভা নির্বাচনের আগে এই জয়কে বিজেপি এক ‘বড় সাফল্য’ হিসেবে দেখছে।
ইটাহাট সমবায় সমিতির নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৯২৮। বিজেপি, তৃণমূল এবং বামেরা এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। শনিবার ফল ঘোষণার পর দেখা যায়, তৃণমূল ও বামেরা এই সমবায় নির্বাচনে কোনো প্রভাবই ফেলতে পারেনি, যেখানে বিজেপি একচেটিয়া জয়লাভ করেছে।
বিজেপি শিবিরে উল্লাস:
সবকটি আসনে জেতার পর বিজেপি কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। গেরুয়া আবিরে মেতে ওঠে পুরো এলাকা। পরস্পরকে মিষ্টিমুখ করিয়ে এবং বিজয় মিছিল বের করে তাঁরা নিজেদের জয় উদযাপন করেন।
সমবায় সমিতিতে এই জয়ের পর বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, “তৃণমূলের শক্ত ঘাঁটি অনেকদিন আগেই ভেঙে গিয়েছে। এখন গা-জোয়ারি ঘাঁটি বলতে পারেন। যেখানে ভোট হয়েছে, তৃণমূল গা-জোয়ারি করেছে। পুলিশকে ব্যবহার করেছে। কিন্তু, যেখানে মানুষ ভোট দিতে পেরেছেন, সেখানে তৃণমূল হেরেছে।”
তিনি আরও বলেন, “বীরভূম জেলার মধ্যে ময়ূরেশ্বর বিজেপির শক্ত ঘাঁটি। আমরা সব আসনে জেতার ব্যাপারে আশাবাদী ছিলাম। তৃণমূলের নেতারা এখানে রাজনীতির নামে প্রহসন চালায়। তবে শুধু এখানে নয়, মানুষ যেখানেই ভোট দিতে পারবেন, সেখানেই বিজেপি জিতবে।”
তৃণমূলের প্রতিক্রিয়া ও আত্মবিশ্লেষণ:
অন্যদিকে, সমবায় সমিতির ভোটে এই পরাজয় নিয়ে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ বলেন, “আমরা ৩৬৫ দিন মানুষের পাশে থাকি। ফলে যেখানে এই ফল হয়েছে, সেখানকার তৃণমূল নেতৃত্বের ব্যর্থতা রয়েছে। স্থানীয় নেতাদের কিছু কিছু ব্যর্থতা রয়েছে।” যদিও তিনি আত্মবিশ্বাসী যে, এই ফলাফলের প্রভাব ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পড়বে না। তাঁর মতে, তৃণমূল এই জেলার ১১টি আসনেই জিতবে।
বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত, যিনি বর্তমানে জেলবন্দি। গত লোকসভা নির্বাচনে এই জেলার দুটি আসনেই তৃণমূল জয়ী হয়েছিল। একুশের বিধানসভা নির্বাচনে বীরভূমের ১১টি আসনের মধ্যে তৃণমূল ১০টি এবং বিজেপি একটি আসনে জয়লাভ করেছিল। এই প্রেক্ষাপটে সাঁইথিয়ার এই সমবায় নির্বাচনের ফলাফল ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই জেলায় কেমন ফল হতে পারে, তা নিয়ে এখন থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।