SPORTS: আপাতত স্থগিত ISL, জানালো আয়োজক সংস্থা, অনিশ্চিত ফুটবলের ভবিষ্যৎ

ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য এক দুঃসংবাদ! পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগ (ISL) স্থগিত করে দেওয়া হয়েছে। আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) সমস্ত আইএসএল ক্লাবগুলিকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর মূল কারণ হিসেবে বলা হয়েছে, FSDL এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)-এর মধ্যে মাস্টার রাইটস অ্যাগ্রিমেন্ট (MRA) নবীকরণ না হওয়া।
কেন স্থগিত হলো আইএসএল?
সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর মাসে আইএসএল শুরু হয়ে এপ্রিল মাস পর্যন্ত চলে। তবে চলতি বছর ডিসেম্বর মাসেই আইএসএল এবং এআইএফএফ-এর মধ্যে ১৫ বছরের পুরোনো MRA চুক্তি শেষ হয়ে যাচ্ছে। যদি এই অবস্থায় টুর্নামেন্ট শুরু করা হতো, তাহলে ডিসেম্বরের পর মাঝপথেই তা চালানো FSDL-এর পক্ষে কঠিন হয়ে যেত। এই কারণেই শুরু থেকেই আইএসএল আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
FSDL তাদের চিঠিতে ক্লাবগুলিকে জানিয়েছে, “যদিও FSDL এবং AIFF-এর মধ্যে MRA-এর সম্ভাব্য পুনর্নবীকরণ নিয়ে আলোচনা কয়েক মাস আগে শুরু হয়েছিল, তবুও এখনও তা অনিশ্চিত। ডিসেম্বরের পরে একটি সুনির্দিষ্ট চুক্তি কাঠামোর অভাবে, ২০২৫-২৬ ISL মরশুমের কার্যকরভাবে পরিকল্পনা, আয়োজন বা বাণিজ্যিকীকরণ করতে আমরা অক্ষম।”
তারা আরও উল্লেখ করেছে, “এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমরা আপনাকে দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা বর্তমানে ২০২৫-২৬ আইএসএল মরশুম শুরু করার অবস্থানে নেই এবং বর্তমান MRA মেয়াদের পরে চুক্তির কাঠামো সম্পর্কে আরও স্পষ্টতা না আসা পর্যন্ত এটি স্থগিত রাখছি।”
সুপ্রিম কোর্টের নির্দেশ এবং চুক্তির জটিলতা
এর আগে ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে FSDL স্পষ্ট জানিয়েছিল যে, মাস্টার রাইটস এগ্রিমেন্ট (MRA) নিয়ে পুরোপুরি সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নতুন মরশুমের আইএসএল শুরু করা সম্ভব নয়। এর পেছনে একটি বড় কারণ হলো, সুপ্রিম কোর্টের নির্দেশ। সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছে যে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সংশোধিত সংবিধান আদালত অনুমোদন না করা পর্যন্ত FSDL-এর সঙ্গে চুক্তি (MRA) নবীকরণ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।
২০১০ সালে এআইএফএফ-এর সঙ্গে রিলায়েন্স এবং স্টারের মধ্যে ১৫ বছরের মাস্টার রাইটস এগ্রিমেন্ট (MRA) হয়েছিল। আইএসএল পরিচালনার জন্যই তৈরি হয়েছিল ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL)। এই চুক্তি অনুযায়ী এতদিন ধরে FSDL-এর কাছ থেকে প্রতি বছর ৫০ কোটি টাকা পেয়েছে এআইএফএফ।
তবে, আগামী ১৪ সেপ্টেম্বর আইএসএল শুরু হয়ে আগামী বছরের এপ্রিল মাসে শেষ হওয়ার কথা ছিল, অথচ ১৫ বছরের MRA চুক্তি শেষ হচ্ছে এই ডিসেম্বরে। MRA চুক্তি নবীকরণ না হলে ডিসেম্বরের পর কীভাবে আইএসএল পরিচালিত হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অবস্থায় অনির্দিষ্টকালের জন্য আইএসএল স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো।
এই সিদ্ধান্তের ফলে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই অচলাবস্থার দ্রুত সমাধানের জন্য।